ঢাকা, ১৭ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অটো মিউজিয়াম বিজয় দিবস হকি টুর্নামেন্টে বিমানকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার বিমান বাহিনীর বিপক্ষে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে এ আসরের বর্তমান চ্যাম্পিয়ন সেনাবাহিনী।
দাপটের সঙ্গে খেলে ম্যাচের ১৬ মিনিটে সানোয়ার হোসেন প্রথম গোল করে সেনাবাহিনীকে এগিয়ে নেন। আধিপত্য ধরে রাখলেও প্রথমার্ধের বাকি সময়ে আর গোলের দেখা পায়নি সেনাবাহিনী।
দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই বিমানকে কোণঠাসা করে একের পর এক গোল করে সেনাবাহিনী। ৩৬ মিনিট অধিনায়ক সিরাজুল ইসলামের গোল করে ব্যবধান বাড়ান। ৫৮ মিনিটে তৃতীয় গোল করে নিশ্চিত জয়ের পথে নিয়ে যান হামিদুর রহমান ।
বিমানের কফিনে শেষ পেরেকটি ঠুকেন সিরাজুল। শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে ব্যক্তিগত দ্বিতীয় ও ম্যাচের চতুর্থ গোলটি করেন তিনি। সবগুলো গোলই হয় ফিল্ড শট থেকে।
১৮ ডিসেম্বর বাংলাদেশ হকি ফেডারেশন মুখোমুখি হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২২০১ ঘ.
bdnews24