ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোচের সঙ্গে জাতীয় দলের হকি খেলোয়াড়দের ঝামেলা মিটে গেছে। পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহার করে বৃহস্পতিবার পুরো দমে অনুশীলনও করেছেন ১৯ খেলোয়াড়। কোচ গেরহার্ড পিটার রাকও ক্ষমা করে দিয়েছেন খেলোয়াড়দের।
জার্মান কোচ পিটার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি আগের দিনই বলেছিলাম দুই থেকে তিন খেলোয়াড়ের চাপে অন্যরা পদত্যাগ করতে বাধ্য হয়েছে। খেলোয়াড়রা আমার কাছে এ কথা স্বীকার করেছে। দুই-একজন খেলোয়াড়ের জন্য বাকিদের দোষ দিতে পারি না।"
কোচের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে বুধবার সন্ধায় এক যোগে পদত্যাগ করেছিলেন জাতীয় দলের ১৯ খেলোয়াড়রা। বুধবার মধ্যরাতেই খেলোয়াড়দের সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধান করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার জামিল উদ্দিন আহমেদ।
আন্দলনে নেতৃত্ব দেয়া দুই খেলোয়াড় আসাদুজ্জামান চন্দন এবং রাসেল মাহমুদ জিমি দোষ স্বীকার করে বুধবার রাতেই ক্ষমা চেয়েছেন বলে জানান খন্দকার জামিল। কোচের কাছে ভুল স্বীকার করেছেন চন্দন। কিন্তু জিমি এখনো স্বাভাবিক হতে পারেননি বলেই দাবি করেছেন জাতীয় দলের জার্মান কোচ।
এই দুই খেলোয়াড়ের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে পিটার বলেন, "আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। ভালো খেললে তাদের বিরুদ্ধে আমার কোন অভিযোগ থাকবে না।"
পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অধিকাংশ খেলোয়াড়ই খুশি। নাম প্রকাশে অনিচ্ছুক এক খেলোয়াড় বলেন, "আমরা পদত্যাগ না করলে যাদের বাদ দেয়া হয়েছিলো তাদের আর ক্যাম্পে আনা হতো না।"
তবে বুধবারের পরিস্থিতির জন্য কোচের চেয়ে ফেডারেশনকেই বেশি দায়ী করছেন ওই খেলোয়াড়। তিনি বলেন, "বেতন দিতে হয় না বলে ফেডারেশনের কর্মকর্তারাও কোচের অন্যায় মেনে নেন। জার্মানি থেকে ফেরার পর খন্দকার জামিলকে অনেক বিষয়েই আমরা অভিযোগ করেছিলাম। এসব অভিযোগের সমাধান হলে পরিস্থিতি এতদূর গড়াতো না।"
আগের দিন স্বেচ্ছাচারিতার অভিযোগ আনলেও রাতারাতি ভোল পাল্টে কোচের প্রসংশাই করেন খেলোয়াড়রা। তারা জার্মানিতে প্রশিক্ষণ, ইউরোপের কয়েকটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ এবং রাশিয়ায় চার জাতি টুর্নামেন্টে অংশ নেয়ার কৃতিত্ব দেন কোচকে। তার প্রশিক্ষণে জাতীয় দলের খেলোয়াড়দের বেশ উন্নতি হয়েছে বলেও মনে করেন তারা।
বিশৃঙ্খলা সৃষ্টি করায় জাতীয় দলের খেলোয়াড়দের বিরুদ্ধে ফেডারেশন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে কি না, এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেননি হকি কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিার/১৯৫৭ ঘ.
bdnews24