ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত মালদ্বীপের কাছে হেরে গেল আফগানিস্তান। 'এ' গ্র"পের সবচেয়ে দুর্বল এই দলকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপ।
এ জয়ের ফলে দু ম্যাচে চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে রইলো মালদ্বীপ। অন্যদিকে টানা দু ম্যাচ হারায় প্রথম পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল আফগানিস্তানের।
সোমবার দিনের প্রথম ম্যাচে শুরু থেকেই চ্যাম্পিয়নদের সঙ্গে পাল্লা দিয়ে লড়ার চেষ্টা করেছে আফগানিস্তান। ৩০ মিনিটে এগিয়েও যায় তারা। পরিকল্পিত এক আক্রমন থেকেই দলকে এগিয়ে নেন হাসমতউল্লাহ বারকেজাই। তবে মালদ্বীপের গোলরক্ষক মোহাম্মদ ইমরানের মুহূর্তের অসতর্কতাও কিছুটা সুবিধা যুগিয়েছে। নইলে কি আর বক্সের ভেতর থেকে নেয়া হাসমতউল্লাহ'র ওই শট গোলরক্ষকের হাত ফসকে জালে জড়ায়!
এর আগে ১৮ মিনিটে ভালো একটা সুযোগ পেয়েছিল মালদ্বীপ। কিন্তু ফাজেল ইব্রাহিমের হেড থেকে বল সাইড বারে লেগে ফিরে আসে। পরিণামে ১-০ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করতে হয় মালদ্বীপকে।
তবে দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি আফগানিস্তান। একের পর এক সুযোগ কাজে লাগিয়ে বড় জয়ই আদায় করে নেয় দক্ষিণ এশীয় ফুটবলের নতুন পরাশক্তিরা। ৫৩ মিনিটে নাসের মুক্তারের কর্ণার থেকে বল লক্ষ্যে পৌঁছে দেন আহমেদ তরিক। তারপর দলের জয় নিশ্চিত হয় মিডফিল্ডার আশফাগ আলীর জোড়া গোলে।
তার প্রথম এবং মালদ্বীপের দ্বিতীয় গোলটি আসে ৭০ মিনিটে. ছোট বক্সের ভেতর থেকে নেয়া চমৎকার এক শটে। দ্বিতীয় গোলটি আরো দর্শনীয়। খেলা শেষ হতে তখন ১ মিনিট বাকি। মাঝ মাঠ থেকে একক প্রচেষ্টায় এগিয়ে গিলে বল জালে পাঠান আশফাগ।
শুরুর ধাক্কা সামলে দল যে পরিস্কার ব্যাবধানে জিতেছে তাতেই খুশি মালদ্বীপের কোচ আরবানিয়া ইস্তভান বেলা। সংবাদ সম্মেলনে খেলোয়াড়রা যে ছন্দে ফিরেছে এ নিয়েও উচ্ছ্বাস ঝরলো তার কন্ঠে, " প্রথম ম্যাচ থেকে আজকের (সোমবার) ম্যাচের প্রথমার্ধ পর্যন্ত যেন তন্দ্রার মধ্যে ছিল খেলোয়াড়রা। বিরতির সময় তাদেরকে জেগে ওঠার আহবান জানাই। আমার ডাকে সাড়া দিয়ে তারা সর্বোচ্চ চেষ্টাই করেছে। আমি সন্তুষ্ট।"
গ্র"প এবং নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষেও জয়ের আশা করছেন মালদ্বীপের এই হাঙ্গেরিয়ান কোচ।
অন্যদিকে টানা দ্বিতীয় পরাজয়েও ভেঙ্গে পড়েননি আফগানিস্তানের কোচ মোহাম্মদ ইউসুফ কারগার, বললেন,"আমরা সীমিত সামর্থের মধ্যে ভালো খেলার চেষ্টা করেছি। অর্থের অভাবে বিদেশে কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হয়নি। এমন কি অনুশীলনেও যথেষ্ট সময় দেয়া হয়নি। তারপরও ছেলেরা যথেষ্ট ভালো খেলেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০০০ ঘ.
bdnews24