২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির জোড়া গোলে দে পোর্তিভোকে হারালো বার্সা

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ২-১ গোলে হারিয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চেলসিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 03:36 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

লন্ডন, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ২-১ গোলে হারিয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চেলসিকে। ওদিকে লিওনেল মেসির জোড়া গোলে স্প্যানিশ প্রিমেরা লিগায় দে পোর্তিভো লা করুনাকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। দলের পক্ষে বাকি গোলটি করেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। আরেক ম্যাচে রিয়াল মাদ্রিদ ৪-২ গোলে হারিয়েছে আলমেরিয়াকে। ইতালিয়ান সিরি আ' তে শনিবার ছিল জুভেন্টাসের খুশির দিন। ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে তারা। ম্যাচের আট মিনিটেই চেলসিকে এগিয়ে দিয়েছিলেন ইমানুয়েল আদেবায়োর। ৩৭ মিনিটে আদেবায়োরই আবার আত্মঘাতী গোল করে ম্যান সিটিকে সমতায় নিয়ে আসেন। দ্বিতীয়ার্ধে কার্লোস তেভেজের দর্শনীয় বাঁকানো ফ্রি কিকে ২-১ গোলে এগিয়ে যায় ম্যান সিটি। সেই গোল আর পরিশোধ করতে পারেনি চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে এ নিয়ে তিন ম্যাচ হারায় চেলসির পয়েন্ট এখন ৩৬। তাদের চেয়ে ২ পয়েন্ট পেছনে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। একই দিনে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে হারিয়েছে তারা ৪-০ গোলে। এ মুহুর্তে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আর্সেনাল, এদিন স্টোক সিটিকে ২-০ গোলে হারায় তারা। চেলসিকে হারিয়ে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। ডনজেদের সর্বশেষ ম্যাচে ব্ল্যাকবার্নের সঙ্গে গোলশূন্য ড্র করায় লিভারপুল এখন তাদের চেয়ে এক পয়েন্ট পেছনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/২১২৫ ঘ.