ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তরুণদের নিয়ে গড়া দল নিয়ে এসে একটু অবাক করেছে ভারত। দলের বেশিরভাগ খেলোয়াড়ের বয়সই ২৩-এর নিচে। তাই বলে প্রতিপক্ষ দলগুলো যদি তিনবারের চ্যাম্পিয়নদের আমলে না নেয় তাহলে ভুল করবে। ভারতের কোচ সুখবিন্দর সিং এই দল নিয়েই শিরোপা জয়ের ব্যাপারে খুব আশাবাদী। তার দাবি, দলে তারুণ্যের ঝলক কোনো দুর্বলতা নয়, অন্যদের চেয়ে কোনো অংশেই পিছিয়ে নেই তার দল, 'দলের সবারই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। তাছাড়া ৭ জন সিনিয়র খেলোয়াড় রয়েছে যারা কোনো না কোনোভাবে আগেও জাতীয় দলের সঙ্গে ছিল। আমার বিশ্বাস এই দলটি ভালো ফুটবলই খেলবে।"
ভারত সাফ চ্যাম্পিনশিপকে দেখছে সাফ গেমস আর এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে। সে কারণেই দলের বেশিরভাগ ফুটবলারের বয়স ২৩ বছরের কম। তবে সবারই ইন্ডিয়ান লিগে খেলার অভিজ্ঞতা থাকায় টুর্নামেন্টে ফেবারিট হিসেবে মানতেই হবে তাদের।
ওদিকে এখন পর্যন্ত শিরোপা না জেতা নেপাল এবার প্রত্যাশার বেলুন ফুলিয়ে রেখেছে অনেকটাই। সংবাদ সম্মেলনে নিজেদের অন্যতম ফেবারিট হিসেবে দাবি করেছেন কোচ কৃষ্ণ থাপা। 'এ' গ্র"প থেকে আফগানিস্তান আর ভারতকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করা সহজই মনে হচ্ছে তার, 'আমরা ধাপে ধাপে এগিয়ে যেতে চাই। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারালেই সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে যাব। মালদ্বীপকে ফেবারিট মানছি, তবে ভারতকে হারানোর ক্ষমতা আমাদের আছে।'
কৃষ্ণ থাপার এতটা আশাবাদী হবার কারণ, তিন সপ্তাহর অনুশীলন, কোলকাতায় তিনটি প্রদর্শনী ম্যাচ জেতা এবং অভিজ্ঞদের সঙ্গে তরুণদের নিয়ে দল গড়া।
যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তানই শুধু শিরোপা জয়ের স্বপ্ন দেখছে না। তবে 'ভালো ফুটবল' খেলার কথা শোনা গেছে তাদের মুখেও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০৪৫ ঘ.
bdnews24