ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৮ সালে শ্রীলঙ্কায় পঞ্চম সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে তাদের সঙ্গে ১-১ গোলে ড্র করেই শেষ পর্যন্ত গ্র"প পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। এবার সেই ভুটানের বিপক্ষেই উদ্বোধনী ম্যাচ আর তাই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার ব্যাপারে অনেক বেশি মরিয়া স্বাগতিকরা।
একাদশ চূড়ান্ত, কিন্তু খেলোয়াড়দের নাম প্রকাশ করলেন না কোচ শহিদুর রহমান শান্টু। 'ফরমেশন' নিয়েও মুখ খুললেন না। শুধু বললেন ,"কোনো প্রতিপক্ষকেই খাটো করে দেখার সুযোগ নেই। ভুটানকে আমরা সমীহের চোখেই দেখছি। তারা গতবার সেমিফাইনাল খেলেছে। জয় পেতে হলে অবশ্যই ভালো ফুটবল খেলতে হবে আমাদের।"
অধিনায়ক আমিনুল হক অবশ্য ভুটানকে বাড়তি গুরুত্ব দিয়েই বলেছেন, 'ওদের বিপক্ষে জিততেই হবে। আমি সতীর্থদের বলেছি, সবাই যেন ভালো ফুটবল খেলার চেষ্টা করে। নিজেদের সেরাটা খেলা সম্ভব হলে জয় নিয়ে ভাবতে হবে না।"
এমিলি, রজনী, আরমান আজিজ আর উজ্জলও অধিনায়কের সুরেই কথা বললেন। এক রকম আশ্বাস দেয়ার সুরেই বলেছেন, ভুটানকে হারাবেনই।
এদিকে স্বাগতিক হিসেবে বাংলাদেশকে এগিয়ে রাখলেও উদ্বোধনী ম্যাচে ঠিকই পয়েন্ট আশা করছে ভুটান। রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে ড্র নিশ্চিত করার চেষ্টাই হয়তো করবে তারা। প্রধান কোচ কোজি গায়টোকু সেরকম ইঙ্গিতই দিলেন,"কৌশলে হয়তো বাংলাদেশের সঙ্গে পারবো না, তবে মানসিকভাবে আমরা পিছিয়ে নেই। আমাদের চেষ্টা থাকবে বাংলাদেশের পরিকল্পনা ভন্ডুল করে দেয়া।"
অধিনায়ক পেমা জানালেন বাংলাদেশের কাছ থেকে পুরো তিন পয়েন্টই ছিনিয়ে নেয়ার চেষ্টা করবে তার দল। সেভাবেই প্রস্তুতি নিয়ে এসেছে ভুটান। খেলোয়াড়রা অনেকদিন ধরেই এক সঙ্গে খেলছে বলে নিজেদের মধ্যে বোঝাপড়াটাও বেশ ভালো বলেই দাবি করলেন। সে কারণেই জয়ের ব্যাপারেও আশাবাদী পেমা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-ভুটান ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০১৮ ঘ.
bdnews24