মেলবোর্ন, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে জয়ের ধারায় রয়েছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার ইংল্যান্ডকে হারিয়েছে তারা ২-১ গোলে। স্পেনের বিপক্ষে জার্মানি জিতেছে ৫-৪ গোলে। আরেক ম্যাচে দক্ষিণ কোরিয়া ২-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডসকে।
খেলার ১৩ মিনিটে ইংল্যান্ড এগিয়ে গেলেও ২২ মিনিটে অস্ট্রেলিয়াকে সমতায় ফেরান গ্রান্ট স্কুবার্ট। ৬০ মিনিটে অস্ট্রেলিয়ার পক্ষে জয়সূচক গোলটি করেন ডেস অ্যাবোট। নিজেদের আগের দু'টি ম্যাচে অস্ট্রেলিয়া ৪-০ গোলে দক্ষিণ কোরিয়া ও ৭-২ গোলে হারিয়েছিল নেদারল্যান্ডসকে।
খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে সেও জং-হোর গোলে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-১ এ জয় নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া। এতে দক্ষিণ কোরিয়ার জন্য রোববারের ফাইনালে ওঠার সম্ভাবনা অনেক বেড়ে গেল। বিরতির সময় ম্যাচের ফলাফল ছিল ১-১। ১১ মিনিটে রডরিক ওয়েউস্টহফের গোলে নেদারল্যান্ডস এগিয়ে যায়। কিন্তু ২৬ মিনিটে গোল শোধ করেন হং এউন-সেওং।
দিনের আরেক খেলায় জার্মানি স্পেনকে হারিয়েছে ৫-৪ গোলে। চ্যাম্পিয়ন্স ট্রফির এ আসরে স্পেন এখনো কোনো ম্যাচ জিততে পারেনি।
অস্ট্রেলিয়া তিন খেলায় ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। জার্মানি ও দক্ষিণ কোরিয়ার পয়েন্ট সমান, ৬। নেদারল্যান্ডসের ৩। এছাড়া স্পেন ও ইংল্যান্ড পেয়েছে ১ পয়েন্ট করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৯৩৫ ঘ.
bdnews24