লন্ডন, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েন রুনির হ্যাট্রিকে পোর্টসমাউথকে ৪-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড।
তবে রুনির হ্যাট্রিকের দুটো গোলই এসেছে পেনাল্টি থেকে। ম্যানইউর পক্ষে অন্য গোলটি করেন রায়ান গিগস।
এ জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চেলসির সঙ্গে ব্যবধান কমিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
১৪ খেলায় ৩১ পয়েন্ট নিয়ে তারা চেলসির চেয়ে এখন ২ পয়েন্ট পিছিয়ে।
শনিবার অন্য ম্যাচে টনেনহাম হটস্পার-অ্যাস্টন ভিলা ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এর ফলে আর্সেনালের চেয়ে ২ ম্যাচ বেশি খেলে ২৬ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে উঠে এসেছে টটেনহাম।
ওয়েস্টহাম ইউনাইটেড এদিন ১-০ গোলে হারিয়ে দেয় বার্নলেকে।
গত সপ্তাহে টটেনহামের কাছে ৯-১ গোলে বিধ্বস্ত হওয়া উইগান অ্যাথলেটিক সেই দুঃস্মৃতি কিছুটা ভুলেছে সাদারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে।
ম্যানইউ- পোর্টসমথ ম্যাচের প্রথমার্ধে ঘরের মাঠে আধিপত্য ছিল পোর্টসমাউথেরই। কিন্তু খেলার ধারার বিপরীতে পেনাল্টি পেয়ে যায় ম্যান ইউ। পেনাল্টি থেকে গোল করে দলকে ২৫ মিনিটেই এগিয়ে দেন রুনি।
এর ৭ মিনিট পর পোর্টসমাউথের পক্ষে রেফারি আরেকটি বিতর্কিত পেনাল্টির নির্দেশ দেন। গোল করে সমতা ফেরান কেভিন প্রিন্স বোয়েটেং।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান রুনি। ম্যাচের ৪৮ ও ৫৪ মিনিটে আরও দুটি গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন। ম্যাচের ৮৭ মিনিটে রায়ান গিগস ম্যানইউর পক্ষে শেষ গোলটি করেন। ইংলিশ প্রিমিয়ার লিগে এটি তার শততম গোল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৯১৩ ঘ.
bdnews24