লন্ডন, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার ইতালিয়ান লিগের সব বড় দলগুলো মাঠে নেমেছিল। কিন্তু ফুটবলামোদীদের চোখ ইতালিয়ান ফুটবল লিগ 'সিরি-এ' থেকে সরে চলে গিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগে। কারন টটেনহাম হটস্পার গোল বন্যায় ভাসিয়েছে উইগান অ্যাথলেটিককে। গুনে গুনে ৯ বার উইগানের জালে বল জড়িয়েছে তারা। 'সিরি-এ'-তে জয় পেয়েছে সব বড় দল। রোমা সহজে জয় পেলেও এসি মিলান ও জুভেন্টাসকে জিততে হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে।
নিজেদের মাঠে উইগ্যানকে নিয়ে ছেলেখেলা করেছে টটেনহাম। লিগের শুরু থেকে দুর্দান্ত খেলা টটেনহাম পরিস্কার বুঝিয়ে দিয়েছে তাদের লক্ষ্য শীর্ষ চারে থেকে লিগ শেষ করা যাতে সামনের বছরের চ্যাম্পিয়ন্স লিগের দলগুলোর নামের খাতায় তাদের নামটাও উঠে যায়। প্রথমার্ধে পিটার ক্রাউচের গোলে এগিয়ে ছিল টটেনহাম। দ্বিতীয়ার্ধে তারা একটি গোল হজম করলেও প্রতিপক্ষের জালে ফেলেছে ৮ টি গোল। জারমেইন ডিফো একাই করেছেন ৫ গোল। বাকী গোলগুলো করেছেন লেনন ও ক্রান্সার। ক্রিকল্যান্ডের কল্যাণে একটি আত্মঘাতী গোলও হজম করতে হয়েছে উইগ্যানকে। টটেনহামের এই বিশাল জয় ৩২ বছর আগের স্মৃতি ফিরিয়ে নিয়ে এসেছে। সেই সময় ব্রিস্টল রোভার্সকে ৯-০ গোলে হারিয়ে ছিল তারা।
ইতালিয়ান লিগে এসি মিলান ৪-৩ গোলে হারিয়েছে ক্যাগলিয়ারিকে। একসময় ২-১ গোলে পিছিয়ে পড়া মিলান শেষ পর্যন্ত জয় পেয়েছে দুই ব্রাজিলিয়ান পাতো ও রোনালদিনহোর গোলে। মিলানের বাকী দুটি গোল করেছে সিডোর্ফ ও বোরিল্লা।
ফ্রান্সিকোর টট্টির প্রথমার্ধের হ্যাট্রিকে বারিকে ৩-১ গোলে হারিয়েছে রোমা। আর গ্রোসোর ৫১ মিনিটের গোলে উদিনেসের বি ক্ষে ১-০ গোলে জয় পেয়েছে জুভেন্টাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১২৫১ঘ.
bdnews24