ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একের পর এক হতাশার খবর বিষিয়ে তুলেছে জাতীয় হকি দলের খেলোয়াড়দের মন। পুলের শেকলে বেঁধে নেয়ার পর রেলিগেশন প্রথা বাতিল করে ক্লাবগুলোর কাছে তাদের একপ্রকার জিম্মি করে দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। তার ওপর প্রতি দলে ৫ জন বিদেশি খেলোয়াড় রাখার নিয়ম বহাল রাখায় জাতীয় দলের খেলোয়াড়দের সম্মানজনক পারিশ্রমিক পাওয়ার পথও প্রায় বন্ধ হয়ে গেছে।
জার্মান ফেরত জাতীয় দলের সদস্য খন্দকার হাসান আহমেদ রোববার আক্ষেপ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যারা দেশের জন্য মাঠে লড়াই করে, তাদের আয়ের পথই বন্ধ করে দিয়েছে হকি ফেডারেশন। তারা আমাদের বেতন তো দেয়ই না, এবার লিগে খেলার সুযোগটাও কেড়ে নিতে চাচ্ছে। এমন দেশের হয়ে খেলতে চাই না। আমি আর জাতীয় দলের ক্যাম্পে যাব না, অবসর নেব।"
শুধু হাসান নন, এই আক্ষেপ জাতীয় দলের বেশিরভাগ সদস্যেরই। তাদের মতে, পুলের চেয়েও খারাপ হয়েছে রেলিগেশন প্রথা বাতিল করা। রেলিগেশন না থাকায় কোন দলই ভালো খেলোয়াড় নেবে না বলে সংশয় প্রকাশ করেন তারা। পাঁচ/ছয় জন ছাড়া বাকি খেলোয়াড়দের সঙ্গে কোন দলই এখনো যোগাযোগ করেনি বলে জানিয়েছেন আরেক খেলোয়াড় মোশারফ হোসেন কুটি। তিনি বলেন, "হকি খেলে যা আয় করি তা দিয়েই আমাদের সংসার চলে। কর্মকর্তারা কেন আমাদের দিকটা দেখেন না। জার্মানিতে আমরা কিছুই পাইনি। অনেককেই নিজের টাকা খরচ করতে হয়েছে। আমরা এই যন্ত্রণা থেকে নিস্তার চাই।"
খেলোয়াড়দের এই দুরাবস্থার দায় নিতে চাইছেন না হকি ফেডারেশনের কর্মকর্তারা। এ জন্য ক্লাবগুলোকেই দায়ী করছেন তারা। এই পরিস্থিতি সৃষ্টির জন্য লিগ কমিটির সম্পাদক আনভির আদেল সরাসরি আবাহনীর কর্মকর্তা শহীদুল্লাহ দোলনকে দায়ী করেছেন। তিনি বলেন, "দোলন বেশিরভাগ ক্লাবের সঙ্গে যুক্তি করে ফেডারেশনের সভায় পুল প্রথার বিরোধিতা করেন। তার কারণেই আমরা খেলোয়াড়দের স্বার্থ দেখতে পরিনি।"
দোলন অবশ্য লিগ কমিটির এই কর্মকর্তার অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। উল্টো তিনি অভিযোগ করেন, "আবাহনীর কারণেই আজ ঢাকা লিগে খেলার সুযোগ পাচ্ছে জাতীয় দলের খেলোয়াড়রা। ফেডারেশন তাদের লিগে না খেলানোর সিদ্ধান্তে অটল ছিলো। শুধু আমরা আবাহনীই জাতীয় দলের খেলোয়াড়দের লিগে খেলার অনুমতি দেয়ার জন্য ফেডারেশনকে অনুরোধ করেছি।"
জাতীয় দলের খেলোয়াড়দের বাদ রেখেই দলবদল করার জন্য ১২ অক্টোবর ক্লাবগুলোকে একটি চিঠি দেয় হকি ফেডারেশন। এতে বলা হয়, জাতীয় স্বার্থে ১৯ খেলোয়াড় লিগে খেলতে পারবেন না। খেলোয়াড়দের চাপের মুখে শেষ পর্যন্ত অবশ্য তাদের লিগে খেলার অনুমতি দেয় ফেডারেশন।
নানা প্রতিশ্র"তি দিয়ে জাতীয় দলের খেলোয়াড়দের জার্মানিতে পাঠান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার জামিল। তখন সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, "খেলোয়াড়রা জার্মান লিগ খেলে বড় অঙ্কের টাকা পাবেন। টাকার জন্য ঢাকা লিগে খেলার দরকার হবে না।"
কিন্তু জার্মান ফেরত খেলোয়াড়রা জানিয়েছেন, মাত্র তিনজন খেলোয়াড় ৫০ থেকে ৬০ হাজার টাকা পেলেও অন্যরা শূন্য হাতেই ফিরেছেন। এমন কি, জার্মানিতে থাকার সময় অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে বলে জানান মশিউর রহমান বিপ্লব। স্বয়ং অধিনায়ক রাসেল মাহমুদ জিমি অভিযোগ করেন, কোচ জেরহাট পিটার তাদের খুব একটা খোঁজ-খবর করেননি।
এ সম্পর্কে প্রশ্ন করা হলে ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার জামিল বলেন, "জার্মানিতে খেলোয়াড়রা যে কষ্ট করেছেন তা আমার জানা নেই। কোচ এলে সবকিছু জানতে চাইবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১০৫ ঘ.
bdnews24