প্যারিস, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে আয়ারল্যান্ডের বিপক্ষে হাত ব্যবহার করে থিয়েরে অঁরি যে বিতর্কের জন্ম দিয়েছিলেন তা চলছেই। আর সেই বিতর্কের মধ্যে অঁরির পাশে দাঁড়িয়েছেন তার সাবেক স্বতীর্থ তারকা ফুটবলার জিনেদিনে জিদান। তিনি মনে করেন, অঁরি মোটেও প্রতারক নন।
নিজেদের মাঠে বিশ্বকাপ প্লেঅফে আয়ারল্যান্ডের বিপক্ষে ফিরতি ম্যাচে ০-১ গোলে পিছিয়ে থাকা অবস্থায় হাত দিয়ে বল এগিয়ে দেন ফ্রান্সের অধিনায়ক অঁরি। তারপরই উইলিয়াম গালাসের সমতা ফেরানো গোল। ফলে বিশ্বকাপ মূলপর্বে উঠে যায় ফ্রান্স। ২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালে জিদান যে ধরনের ভুল করেছিলেন অঁরিও সে ধরনের ভুল করেছেন বলে তিনি (জিদান) মনে করেন। ইতালির রক্ষণভাগের একজন খেলোয়াড়ের বুকে মাথা দিয়ে আঘাত করায় লাল পেয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় জিদানকে। খেলাও হেরে যায় তার দল।
ফ্রান্সের ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ের নায়ক জিদান শনিবার ক্যানাল প্লাস টেলিভিশনে বলেন, "থিয়েরি অঁরির হ্যান্ডবল ম্যাচের একটি ঘটনা ছাড়া আর কিছুই নয়। আমার সমর্থন থাকবে তার প্রতি। কেননা আমি মনে করি ও প্রতারক নয়। হাত দিয়ে বল ধরার কথা ও স্বীকার করেছে। ১০/১২ বছর ধরে আমি তাকে চিনি। আর এটাও জানি ও প্রতারক নয়।"
এদিকে অঁরির ওপর ক্ষমা চাওয়ার জন্য চাপ ধীরে ধীরে বাড়ছে। কিন্তু জিদান মনে করেন, এরই মধ্যে অঁরি অনেক কিছু করেছে। তিনি বলেন, "আবারো আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ আয়োজন করা হলে ও তাতে খেলতে প্রস্তুত আছে, অঁরির এ ধরনের মন্তব্য ক্ষমা চাওয়ার মতোই বলে আমি মনে করি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯১০ ঘ.
bdnews24