ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে কোরিয়ান উলসান হুন্দাই ক্লাবসহ দেশের দুটি দলের সঙ্গে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে জাতীয় ফুটবল দল। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল পাঁচটায় শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলবে তারা।
পরের ম্যাচটি হবে বাফুফে একাদশের বিপক্ষে। জাতীয় দলে সুযোগ হয়নি বাংলাদেশ লিগের এমন খেলোয়াড়দের নিয়ে গড়া হয়েছে এই দলটি। ২৪ নভেম্বর ম্যাচটি হবে বিকেএসপি মাঠে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে একাদশের খেলোয়াড়দের নামও প্রকাশ করেছে ফুটবল ফেডারেশন। দলের খেলোয়াড়রা হলেন- জিয়া, মামুন (গোলরক্ষক), মোহাম্মদ সুজন, অমিত খান শুভ্র, নজরুল ইসলাম, আব্দুল্লাহ পারভেজ, ওবায়দুর রহমান, আরিফ খান জয় (অধিনায়ক), শরিফ, মতিউর মুন্না, ফয়সাল মাহমুদ, শাকিল খান, রাশেদ পাপ্পু, আলফাজ, তপু, আমিনুল, মোহাম্মদ আবুল, নাসির, মোবারক ও মুন্না। বাফুফে একাদশের দলনেতা করা হয়েছে হাসানুজ্জামান বাবলুকে, এ ছাড়া আলমগীর হোসেন পেয়েছেন ম্যানেজারের দায়িত্ব।
নির্বাচিত খেলোয়াড় এবং কর্মকর্তাদের রোববার দুপুর আড়াইটায় বুয়েট মাঠে অনুশীলনে আসার আহবান জানিয়েছে বাফুফে।
জাতীয় দলের শেষ প্রস্তুতি ম্যাচটি হবে অতিথি দল কোরিয়ান উলসান হুন্দাই ক্লাবের বিপক্ষে। ২৬ নভেম্বর ম্যাচটি হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
সাফ চ্যাম্পিয়নশিপের আগে জাতীয় দলের জন্য তিনটি প্রস্তুতি ম্যাচই যথেষ্ট কি না, এমন এক প্রশ্নের জবাবে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্রধান বাদল রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"জাতীয় দলের সবাই (খেলোয়াড়) পেশাদার লিগ নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন। এখন দরকার দলীয় সমন্বয়। দল গুছিয়ে নিতে তিনটি ম্যাচ যথেষ্ট না হলেও কম নয়। ইচ্ছে থাকলেও সময় অভাবে বেশি ম্যাচ আয়োজন করতে পারছি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০০৮ ঘ.
bdnews24