২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমা চাইলেন সারকোজি, তবে আয়ারল্যান্ডের দাবি মানছেনা ফিফা

ডিয়েগো ম্যারাডোনার পর থিয়েরি অঁরি -- এভাবে বললে একটুও বাড়াবাড়ি হবে না। '৮৬-র বিশ্বকাপে ম্যারাডোনা হাত দিয়ে গোল করে যেমন বিতর্কের জন্ম দিয়েছিলেন এবার বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে হাত ব্যবহার করে অঁরিও সেরকমই তাতিয়ে তুলেছেন ফুটবল বিশ্বকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2009, 05:47 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

লন্ডন, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ডিয়েগো ম্যারাডোনার পর থিয়েরি অঁরি -- এভাবে বললে একটুও বাড়াবাড়ি হবে না। '৮৬-র বিশ্বকাপে ম্যারাডোনা হাত দিয়ে গোল করে যেমন বিতর্কের জন্ম দিয়েছিলেন এবার বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে হাত ব্যবহার করে অঁরিও সেরকমই তাতিয়ে তুলেছেন ফুটবল বিশ্বকে। বুধবার নিজেদের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ০-১ গোলে পিছিয়ে থাকা অবস্থায় হাত দিয়ে বল এগিয়ে দেন অঁরি, সেখান থেকেই উইলিয়াম গালাসের সমতা ফেরানো গোল! গুবাদে ফ্রান্স এখন বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে। কিন্তু বাছাইপর্ব থেকে এমন দুর্ভাগ্যজনক বিদায়কে মেনে নেয়নি আয়ারল্যান্ড। অঁরি-র হাত দিয়ে বল বাড়ানোকে 'জোচ্চুরি' হিসেবে অভিহিত করে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছে ম্যাচটি নতুন করে আয়োজনের দাবি জানিয়েছে তারা। ফিফা অবশ্য সেই দাবি প্রত্যাখ্যান করেছে। তাতে কি! বিতর্ক চলছেই। ২৩ বছর আগে আর্জেন্টিনার 'ফুটবল ইশ্বর' ডিয়েগো ম্যারাডোনা ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে গোল করে জন্ম দিয়েছিলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা বিতর্কের। সেই ম্যাচ ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। ম্যারাডোনা গোলের কৃতিত্ব দিয়েছিলেন সৃষ্টিকর্তাকে, 'হ্যান্ড অব গড' বললে ফুটবল-বিশ্ব এখনো তাই সেই গোলটিকেই বোঝে। অঁরির হাতের এই কীর্তিকে বলা হচ্ছে 'হ্যান্ড অব শেম'। না বলে উপায়ও নেই। ম্যারাডোনার মতো অঁরি তো নিজের হয়ে সাফাই গাইতে যাননি! বরং ফ্রান্সকে '৯৮-র বিশ্বকাপ জেতানো এই ফরোয়ার্ড যা ঘটেছে তার জন্য দুঃখ প্রকাশ করে বলেছেন, ঘটনাটি রেফারির দৃষ্টি এড়ানোয় সেই মুহুর্তে তার করার কিছু ছিল না। তবে বিতর্ক তাতে থামেনি, প্রশমিত হয়নি উত্তেজনা। উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাষ্ট্রীয় পর্যায়েও। তাই পরিস্থিতি শান্ত করতে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী ব্রায়ান কোয়েনের কাছে দুঃখ প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাই সারকোজি। বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বি-পাক্ষিক বৈঠকে কোয়েন ম্যাচটি নতুন করে আয়োজনের পক্ষে যু্িক্ত তুলে ধরেন। তবে সারকোজি জানান, আয়ারল্যান্ডের জনগণের প্রতি তার সহনুভূতি রয়েছে। ঘটনাটির জন্য তিনি দুঃখিত। কিন্তু আবার ম্যাচ আয়োজনের দাবিকে তিনি সমর্থন করেন না। ওদিকে ফ্রান্স ফুটবল দলের কোচ রেমন্ড ডমেনেখ বলেছেন, থিয়েরি অঁরির হ্যান্ডবল নিয়ে কারো কাছে ক্ষমা চাওয়ার কোনো কারণ তিনি দেখছেন না। ডমেনেখের সঙ্গে অবশ্য তার দেশের মানুষরাও পুরোপুরি একমত নন। ফ্রান্সের ক্রীড়া শিক্ষক সমিতি এক বিবৃতিতে বলেছে, ফুটবল মাঠে অঁরির হাতের এই অন্যায় ব্যবহারে তারা দুঃখিত। বিবৃতিতে বলা হয়,' অসমর্থনযোগ্য এই প্রতারণার মাধ্যমে বাছাইপর্ব উতরে যাওয়া শিশুদের সামনে খারাপ দৃষ্টান্ত হয়েই থাকবে।' প্যারিসে বুধবার ফ্রান্স-আয়ারল্যান্ড প্লে-অফ ম্যাচের অতিরিক্ত সময়ে অঁরি হাত দিয়ে বল ঠেলে দিলে তীব্র শটে বল জালে জড়িয়ে দেন গালাস। ম্যাচ ১-১ এ শেষ হলেও গোল ব্যবধানে (২-১) মূলপর্বের ছাড়পত্র পেয়ে যায় ফ্রান্স। এদিকে ম্যাচটি নতুন করে আয়োজন প্রসঙ্গে শুক্রবার ফিফার ওয়েবসাইটে বলা হয়েছে, ম্যাচের ফলাফল পাল্টানো বা ম্যাচ আবার আয়োজন করা সম্ভব নয়। ফুটবলের আইন অনুযায়ী, ম্যাচ চলার সময় রেফারির সিদ্ধান্তই চুড়ান্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২৩৩৬ ঘ.