স্টকহোম, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেইজিং অলিম্পিকে রেকর্ড আটটি সোনাজয়ী মাইকেল ফেলপসকে সুইমিং পুলে যেন চেনাই যাচ্ছে না! মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমে বিশ্বকাপ সাঁতারের ১০০ মিটার মিডলেতে হয়েছেন তৃতীয়। ১০০ মিটার পেরোতে যুক্তরাষ্ট্রের এই তারকা সাঁতারু সময় নেন ৫২.১৪ সেকেন্ড, যা কিনা প্রথম হওয়া দক্ষিণ আফ্রিকান সাঁতারু গেরহার্ড জেন্ডবার্গের চেয়ে .৩৭ সেকেন্ড বেশি। সেখানেই শেষ নয়। ১০০ মিটার ব্যাকস্ট্রোক এবং ১০০ মিটার ফ্রি স্টাইলে তো অবস্থা আরো ভয়াবহ! ব্যাকস্ট্রোকে ফেলপস হয়েছেন ডিসকোয়ালিফাই আর ফ্রি স্টাইলে হিট থেকেই বাদ! পারফরম্যান্স দেখে কে বলবে ইনিই সেই মাইকেল ফেলপস বেইজিং অলিম্পিকে যার ছায়ায় ঢাকা পড়ে গেছেন সাঁতার ইতিহাসের কিংবদন্তী মার্ক স্পিৎজ?
নিজের পারফরম্যান্সে ফেলপস নিজেও খুব হতাশ, সুইডিশ টেলিভিশন এসভিটিকে তাই বলেছেন," আমি একেবারেই সেরা অবস্থায় নেই, আমার আরো ভালো অবস্থায় ফেরা উচিত।"
মাইকেল ফেলপসের এই দুরবস্থার পেছনে অন্য একটি বিষয়েরও কিছুটা ভূমিকা আছে। এ আসরে তিনিই একমাত্র সাঁতারু যিনি উচ্চ প্রযুক্তির সহায়তাপুষ্ট সর্বাধুনিক সাঁতার পোশাক না পরে আগের মতো প্রথাগত পোশাকেই পুলে নামছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২০৪৬ ঘ.
bdnews24