২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই চেলসি

চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ স্থান ধরে রেখেছে চেলসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 08:31 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

লন্ডন, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ স্থান ধরে রেখেছে চেলসি। রোববারের অন্যান্য খেলায় হাল সিটি ২-১ গোলে জিতেছে স্টক সিটির বিপক্ষে। ওয়েস্টহ্যাম ১-২ গোলে হেরে গেছে এভারটনের কাছে। আর ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে উইগান অ্যাথলেটিক ও ফুলহ্যামের ম্যাচটি। এক পর্যায়ে মনে হচ্ছিল চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটি গোল শূন্য ড্র-এর দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু ৭৬ মিনিটে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের ফ্রি-কিককে গ্ল্যান্স করে ম্যানচেস্টার ইউনাইটেডের জালে পাঠিয়ে দিতে কোনো অসুবিধা হয়নি অধিনায়ক জন টেরির। কেননা তার ওপর নজর রাখছিল না ম্যান ইউ-এর কোনো খেলোয়াড়। এরপর গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু কোনো লাভ হয়নি। হার মেনেই মাঠ ছাড়তে হয় তাদের। এই জয়ের ফলে চেলসির পয়েন্ট ৩০-এ পৌঁছালো, আর্সেনালের চেয়ে ৫ পয়েন্ট বেশি। পিছিয়ে পড়েও হাল সিটি ২-১ গোলে স্টক সিটিকে হারিয়েছে। ম্যাচের ২৯ মিনিটে ম্যাথু ইথেরিংটনের গোলে স্টক সিটি এগিয়ে যায়। কিন্তু ৬২ মিনিটে সেই অলোফিনজানার একটি বাঁক নেয়া শট জড়িয়ে যায় স্টক সিটির জালে। খেলায় ফিরে আসে সমতা। কিন্তু অতিরিক্ত সময়ে মারাত্মক ধরনের ভুল করেন স্টক গোলরক্ষক টমাস সরেনসেন। আর সেই সুযোগটিই নেন ভেনেগুর অব হেসেলিঙ্ক। তার তীব্র শট জড়িয়ে যায় জালে। সেই সঙ্গে এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে হাল সিটি। খেলা শুরুর ২৭ মিনিটে ওয়েস্টহ্যামের বিপক্ষে লুই সাহার গোলে এগিয়ে যায় এভারটন। ৬৫ মিনিটে ব্যবধান বাড়ান ড্যান গসলিঙ্ক। তবে পরের মিনিটে টনি হাইবার্ট একটি গোল শোধ করেন। ফলে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে এভারটন। খেলার ১৪ মিনিটে বয়েসের গোলে এগিয়ে যায় উইগ্যান অ্যাথলেটিক। কিন্তু ৩৯ মিনিটে ফুলহ্যামের ডেম্পসির গোলে সমতা ফিরে আসে ম্যাচে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০২২০ ঘ.