২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রজনী, বিপ্লবদের বাদ দিয়ে ডিডোর জাতীয় দল

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ফুটবলারদের আবাসিক ক্যাম্প ডাকা হয়েছে। অথচ ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াডেই নেই রজনী কান্ত বর্মণ, জাহেদ পারভেজ, জাহিদ হোসেন, মোফাজ্জেল হোসেন ও আরিফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 05:49 PM

Updated : 07 Jul 2022, 06:41 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ফুটবলারদের আবাসিক ক্যাম্প ডাকা হয়েছে। অথচ ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াডেই নেই রজনী কান্ত বর্মণ, জাহেদ পারভেজ, জাহিদ হোসেন, মোফাজ্জেল হোসেন ও আরিফুল ইসলাম। তারা সবাই কোচ অ্যাডসন সিলভা ডিডোর কাছে বিদ্রোহী হিসেবে পরিচিত। হয়তো তারই খেসারত দিতে হলো জাতীয় দল থেকে বাদ পড়ে। যদিও কোচ বলেছেন, ফেডারেশন কাপ ও বাংলাদেশ লিগের পারফরমেন্স বিচার করে জাতীয় দলের জন্য খেলোয়াড় বাছাই করা হয়েছে।

গত জুলাই মাসে বিকেএসপির আবাসিক ক্যাম্পে কোচের নির্দেশ না মেনে অনুশীলন বয়কট করেছিলেন আট ফুটবলার। এরপর তাদের আর ক্যাম্পেই রাখার পক্ষে ছিলেন না ডিডো। শেষে কাজী সালাউদ্দিনের অনুরোধে তাদের ক্যাম্পে ফেরত নিলেও আলাদা অনুশীলনের ব্যবস্থা করেছিলেন কোচ। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের ধারণা সেই রাগই হয়তো এখনো পুষে রেখেছেন জাতীয় দলের ব্রাজিলিয়ান এই কোচ।

কোচের সিদ্ধান্তের সঙ্গে কিছুতেই যেন একমত হতে পারছিলেন না জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্রধান বাদল রায়। প্রায় দুই ঘন্টা বৈঠক করে এই ছয় খেলোয়াড়কে বাদ দেয়ার কারণও জানতে চেয়েছিলেন। ডিডো সাফ জানিয়ে দিয়েছেন, ফর্মে নেই বলেই তাদের বাদ দেয়া হয়েছে। অনেকের ফিটনেসের অভাবকেও সামনে নিয়ে এসেছেন কোচ। শেষে বাধ্য হয়েই ডিডোর সিদ্ধান্তই মেনে নিতে হয়েছে তাদের। বাদল রায় বলেন, "কোচ আমাদের কথা না শোনায় তার পছন্দের দলই সাফ চ্যাম্পিয়নশিপের জন্য রেখে দিতে হচ্ছে।"

খেলোয়াড়রা হলেন আমিনুল হক, মাজহারুল ইসলাম হিমেল, মামুন মিয়া, রেজাউল কারিম রেজা, আল আমিন, নাসির হোসেন, মহিউদ্দিন ইবনুল সিরাজী, ওয়ালী ফয়সাল, আতিকুর রহমান মিশু, মানিক, মোনায়েম খান রাজু, মারুফ আহমেদ, সাহেদুল সাহেদ, শেখ আলমগীর কবীর রান, ইমন বাবু, মামুনুল ইসলাম, ইমতিয়াজ সুলতান জিতু, চৌমরিন রাখাইন, এনামুল হক, আব্দুল বাতেন কোমল, জাহিদ হোসেন এমেলী ও মিঠুন চৌধুরী।

মঙ্গলবার থেকে বিকেএসপিতে আবাসিক ক্যাম্প শুরু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩৫১ ঘ.