নুরেমবার্গ, জার্মানি, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠিক গালিভার-লিলিপুট লড়াই বললে কারো কারো কাছে একটু বাড়াবাড়ি মনে হতে পারে। শনিবার নুরেমবার্গে ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল (ডব্লিউবিসি) হেভিওয়েট শিরোপার জন্য বর্তমান চ্যাম্পিয়ন নিকোলাই ভালুয়েভের মুখোমুখি হবেন যুক্তরাজ্যের ডেভিড হায়ে। রাশিয়ার ভালুয়েভের উচ্চতা ৭ ফুট ২ ইঞ্চি, ওজন ৩২২ পাউন্ড! অন্যদিকে তার ব্রিটিশ চ্যালেঞ্জার হায়ের উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি, ওজন ২২৪ পাউন্ড!
কারো মনে হতেই পারে উচ্চতায় প্রায় ১ ফুট (১১ ইঞ্চি) আর ওজনে ৯৮ পাউন্ডের পার্থক্য আর এমন কী, এই তারতম্যের জন্য জোনাথন সুইফটের গালিভার্স ট্র্যাভেলসের কথা মনে করে একজনকে 'গালিভার' আর আরেকজনকে 'লিলিপুট' বলা ঠিক নয়। তবে যার যা-ই মনে হোক, বক্সিং বিশ্ব শনিবারের লড়াইটিকে কিন্তু সেভাবেই দেখছে।
ভালুয়েভ-হায়ের লড়াইকে গালিভার-লিলিপুট বা দানব-চুনোপুঁটির লড়াই মনে করার সবচেয়ে বড় কারণ অবশ্যই তাদের শারীরিক গঠন, তবে একমাত্র কারণ সেটা নয়। বক্সিং রিংয়ে দু'জনের অর্জনেও বিস্তর ফারাক। ভালুয়েভ তার পেশাদার ক্যারিয়ারে মোট ৫০ টি লড়াইয়ের মধ্যে জিতেছেন ৪৯টিতে, হেরেছেন মাত্র একটিতে। বিপরীতে হায়ের রেকর্ড দেখলে তার জন্যে মায়া হবে। এ পর্যন্ত ২২টি লড়াইয়ের মধ্যে জিতেছেন ২১টিতে, বাকি একটিতে হার। এই রেকর্ড দেখেও জোর প্রতিদ্বন্দিতা আশা করাটা ভুল হবে। ওই ২২টির মধ্যে হায়ে ২০টিই লড়েছেন ক্রুজারওয়েট শ্রেণীর বক্সার হিসেবে। বেশি ওজনের হেভিওয়েটে নাম লিখিয়েছেন বেশি দিন হয়নি। নতুন জগতের বাসিন্দা হবার পর রিংয়ে নেমেছেন মাত্র দুবার। অর্থাৎ হেভিওয়েট মুষ্টিযোদ্ধা হিসেবে নিজের তৃতীয় লড়াইয়েই ডেভিড হায়ে সামনে পাচ্ছেন 'বক্সিং রিংয়ের দানব' হিসেবে পরিচিত নিকোলাই ভালুয়েভকে! ব্যাপারটা যে একেবারে ইঁদুরের বাঘের মুখে পড়ার মতো তা নিশ্চয়ই এখন বোঝা যাচ্ছে!
তা ভালুয়েভ যত বড় দানব বা যত ভয়ঙ্কর মুষ্টিযোদ্ধাই হোন, ডেভিড হায়ে কথায় অন্তত তাকে খুব একটা পাত্তা দিচ্ছেন না। সর্বকালের সেরা বক্সার মোহাম্মদ আলী যেমন রিংয়ে নামার আগে প্রতিপক্ষের উদ্দেশ্যে লাগাতার কথার তোপ দাগাতেন, সেই কৌশল ভালোই রপ্ত করেছেন হায়ে। ভালুয়েভকে মনস্তাত্বিক লড়াইয়ে কুপোকাত করার আশায় হায়ে বলেছেন, 'আমি দিব্যচক্ষে দেখতে পাচ্ছি, ভালুয়েভ মাটিতে পড়ে আছে। বিশ্বাস করুন, এটা হবে সর্বকালের সেরা নক-আউট!'
ভালুয়েভ অবশ্য এমন ফাঁকাবুলিতে ভড়কে যাওয়ার পাত্র নন। হায়ের মন্তব্যের জবাবে আস্তিন থেকে ধূলো ঝাড়ার ভঙ্গিতে শুধু বলেছেন, "আমাকে নকআউট করা হবে এমন কথা অনেকবারই শুনেছি আমি। লড়াইয়ে নামার আগে বড় বড় কথা তো সবাই বলতে পারে। কার সামর্থ্য কতটুকু তা প্রমাণ করতে হয় রিংয়ে।'
২৯ বছর বয়সী ডেভিড হায়ের জন্য চিন্তার কথা হলো, ১৬ বছরের ক্যারিয়ারে এ পর্যন্ত নকআউট তো দূরের কথা, নকডাউনও হননি নিকোলাই ভালুয়েভ!
যিনি কখনো প্রতিপক্ষের আঘাতে এক মুহুর্তের জন্যও ভূপাতিত হননি, তাকে একেবারে শুইয়ে দেবেন হায়ে? ভালুয়েভের ম্যানেজার উইলফ্রায়েড সরল্যান্ডের কাছে হায়ের কথাবার্তাকে মনে হচ্ছে পাগলের প্রলাপের মতো, তাই কিছুটা বিস্মিত হয়েই তিনি বলছেন, "ও (হায়ে) কীসের ভরসায় এসব বলছে বুঝতে পারছিনা। হেভিওয়েটে তো ওর এখনো কোনো পরীক্ষাই হলো না। তার আগেই ও অসংখ্যবার নকডাউন হয়েছে। এ অবস্থায় ও সামনে পাচ্ছে ৫০টি জয়ে পরীক্ষিত এক চ্যাম্পিয়নকে। ও কেন যে এত আশাবাদী সত্যিই বুঝতে পারছি না।"
ভালুয়েভ আর তার ম্যানেজার অমন মন খারাপ করা কথা বললে কী হবে, যুক্তরাজ্য থেকে ডেভিড হায়ে জার্মানিতে পা রেখেছেন রাজ্যের আশা জাগানো অভিজ্ঞতা নিয়ে। প্রায় ১ ফুট বেশি লম্বা আর প্রায় ১০০ পাউন্ড বেশি ওজনের এক দানবের মুখোমুখি হতে হবে বলে গেল কয়েক মাস বেছে বেছে লম্বা মুষ্টিযোদ্ধাদের সঙ্গেই অনুশীলন করেছেন। শুধু কি তাই? লড়াইয়ের আগেই যাতে ভয়ে 'হায়, হায়' করতে না হয়, সে কারণে হায়ে নাকি আত্মবিশ্বাস বাড়াতে 'কিংকং', 'গডজিলা', 'ফ্রাঙ্কেনস্টাইন' জাতীয় কিছু মুভিও খুব মন দিয়ে দেখেছেন। ছবিগুলো থেকে কী শিখতে চেয়েছেন হায়ে, বলতে পারেন? কেন, দানব ঘায়েল করার ফর্মুলা! ওই ছবিগুলোতে তো তা দেখানোই হয়েছে! দেখা যাক, তুলনায় ছোটখাটো হয়েও লম্বাদের সঙ্গে কিছুদিনের অনুশীলন আর ছবি দেখে দানব-বধের কৌশল কতটা রপ্ত করেছেন ডেভিড হায়ে। দেখা যাক, শনিবার নুরেমবার্গে সত্যিই অবিশ্বাস্য এক অঘটনের শিকার হন কিনা নিকোলাই ভালুয়েভ।
এপি অবলম্বনে
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২১০৯ ঘ.
bdnews24