ঢাকা, অক্টোবর ৩১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাংলাদেশ লিগে দ্বিতীয়ার্ধে দশ জনের দলে পরিণত হওয়া মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রকে ৩-১ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। শেখ রাসেলের হয়ে দুটি গোল করেছেন মোহাম্মদ রনি।
শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচের প্রথমার্ধেই দু' গোলে পিছিয়ে পড়ে মুক্তিযোদ্ধা। ১৫ মিনিটে শেখ রাসেলের প্রথম গোলটি করেন রনি। ৩৬ মিনিটে রনি নিজের ও দলের দ্বিতীয় গোল করে ম্যাচের ভাগ্যও একরকম স্থির করে দেন।
মুক্তিযোদ্ধার ম্যাচে ফেরার যেটুকু সম্ভাবনা ছিল তা-ও বলতে গেলে শেষই হয়ে যায় ৬৫ মিনিটের মাথায় মারাত্মক ফাউল করায় আতিকুল ইসলাম তারেক লাল কার্ড পেলে। এর দু মিনিট পরই ব্যবধান বাড়ান সামির ওমারি। ৭২ মিনিটে বিদেশি খেলোয়াড় ইউজিন জিয়াহ গে অবশ্য ব্যবধান কমানোর সান্ত্বনাটুকু দেন তাদের।
রোববার বিকেল সাড়ে পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে রহমতগঞ্জ ও ফরাশগঞ্জ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/২১৪৭ ঘ.
bdnews24