২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগাসিকাণ্ডে হতাশ ফেদেরার নাদাল, রডিকের অকুণ্ঠ সমর্থন

আন্দ্রে আগাসি ড্রাগ সেবন করেছিলেন এবং এ অপরাধে প্রাপ্য শাস্তি এড়িয়েছিলেন মিথ্যে বলে -- এ কথা জেনে পুরুষদের টেনিসে এ মুহুর্তের বিশ্বসেরা রজার ফেদেরার এবং দ্বিতীয় সেরা রাফায়েল নাদাল। তবে টেনিসকে বিদায় জানানো সাবেক বিশ্বসেরা আগাসির প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন অ্যান্ডি রডিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2009, 02:13 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

মায়ামি, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্দ্রে আগাসি ড্রাগ সেবন করেছিলেন এবং এ অপরাধে প্রাপ্য শাস্তি এড়িয়েছিলেন মিথ্যে বলে -- এ কথা জেনে পুরুষদের টেনিসে এ মুহুর্তের বিশ্বসেরা রজার ফেদেরার এবং দ্বিতীয় সেরা রাফায়েল নাদাল। তবে টেনিসকে বিদায় জানানো সাবেক বিশ্বসেরা আগাসির প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন অ্যান্ডি রডিক। বুধবার আগাসি তার আত্মজীবনী "ওপেন"-এর মাধ্যমে জানান, ১৯৯৭ সালে ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়টাতে তিনি ক্রিস্টাল মেথ-নামের মাদকসেবন করেছিলেন। পরে ড্রাগ টেস্টে ব্যর্থ হলে এর কারণ হিসাবে মিথ্যে বলেছিলেন। এ নিয়েই তোলপাড় শুরু হয়েছে টেনিস বিশ্বে। বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় রাফায়েল নাদাল বলেন,"এটা আমার কাছে একটা ভয়াবহ ব্যাপার। কেন তিনি (আগাসি) এখন এসব বলছেন? অবসর নিয়েছেন বলে? এ ধরনের ঘটনা টেনিসকে ধ্বংস করবে। প্রতারকদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত এবং সেটা আগাসি হলে তারও সাজা পাওয়া উচিত।" রজার ফেদেরারও আগাসির এমন কাণ্ডে ভীষণ হতাশ, বললেন ," খবরটা আমার জন্য ভীষণ বেদনার। আমি হতাশ হয়েছি। আশা করি, ভবিষ্যতে এ রকম ঘটনা আর ঘটবে না। টেনিস অঙ্গনকে অবশ্যই পরিশুদ্ধ রাখতে হবে।" তবে আগাসির মতোই যুক্তরাষ্ট্রের খেলোয়াড়, যিনি কিনা আবার আগাসিকেই আদর্শ মানেন, সেই অ্যান্ডি রডিক কিন্তু অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন তার নায়ককে," আন্দ্রে (আগাসি) আমার এখনকার এবং সব সময়কার আদর্শ। আমি তাকে সেভাবেই বিচার করব যেভাবে তিনি আমাকে দেখেন এবং যেভাবে তিনি একটি সুন্দর পৃথিবীর জন্য লড়াই করে চলছেন।" নিজের টুইটার মেসেজে এভাবেই আগাসির প্রতি সম্মান এবং সমর্থন জানিয়েছেন রডিক। তবে মেয়েদের টেনিসের সাবেক বিশ্বসেরা, যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস ব্যাপারটিকে দেখছেন একেবারেই অন্যভাবে, তার মতে, আগাসি এসব বলছেন তার বইয়ের কাটতি বাড়াতে,"ক্রিস্টাল মেথ কী জিনিস আমি তাই জানি না। তো এ ব্যাপারে কীই বা বলা যায়। তবে তার বইটা মনে হয় ভালোই বিক্রি হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/২০০৮ ঘ.