লন্ডন, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ব্ল্যাকবার্ন রোভার্সকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে আবারো ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ স্থান দখল করেছে চেলসি। তবে টটেনহাম হটস্পারকে মাটিতে নামিয়ে এনেছে স্টোক সিটি। ১-০ গোলে হার মানতে হয় টটেনহাম হটস্পারকে। অন্যান্য ম্যাচে জয় পেয়েছে উইগ্যান অ্যাথলেটিক ও বার্মিংহাম সিটি। অমীমাংসিতভাবে শেষ হয়েছে অ্যাস্টনভিলা-উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স এবং হাল সিটি ও পোর্টসমাউথের মধ্যে ম্যাচ দু'টি।
এদিকে স্প্যানিশ লিগে স্পোর্টিং দ্য গিজনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। এতে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যায় বার্সেলোনা। ১-১ গোলে অমীমাংসিত ছিল অ্যাথলেটিকো মাদ্রিদ ও রিয়াল ম্যালোর্কার ম্যাচটি। সেভিয়া ও এসপানলের ম্যাচে কোন পক্ষই গোল করতে পারেনি। ফলে অমীমাংসিতভাবে শেষ হয় খেলা।
ইংলিশ লিগে চেলসি প্রথমার্ধে একটি মাত্র গোল করলেও দ্বিতীয়ার্ধে একেবারে চেপে ধরে ব্ল্যাকবার্নকে। ১৫ মিনিটের মধ্যে আরো চার গোল করে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ফ্রাঙ্ক ল্যাম্পার্ড একাই করেন দুই গোল। আগের ম্যাচে অ্যাস্টনভিলার কাছে হেরে পয়েন্ট তালিকার শীর্ষস্থান হারালেও এই জয়ের ফলে ২৪ পয়েন্ট নিয়ে আবারও শীর্ষস্থানে ফিরে পেয়েছে চেলসি।
হোয়াইট হার্ট লেনে ম্যাচের শেষদিকে স্টোক সিটির গ্লেন হোয়েলানসের দুর্দান্ত গোলে হার মানে টটেনহ্যাম হটস্পার। হোয়াইট হার্টে এটি ছিল স্টোক সিটির প্রথম জয়।
নিজেদের মাঠে জিতেই চলেছিল বার্নলে। কিন্তু সেই জয়ের ধারায় ছেদ পড়ে উইগান অ্যাথলেটিকের সঙ্গে খেলায়। ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে উইগান। সান্ডারল্যান্ডেরও জয়ের ধারায় ছেদ পড়েছে বার্মিংহাম সিটির কাছে। ১-২ গোলে হেরে যায় সান্ডারল্যান্ড।
অ্যাস্টনভিলা ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের ম্যাচ ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। এছাড়া হাল সিটি ও পোর্টসমাউথের ম্যাচটিও ড্র হয়েছে। কোন দলই গোল করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২০৪০ ঘ.
bdnews24