ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবশেষে বোধদয় হয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ) কর্মকর্তাদের। জাতীয় দলের খেলোয়াড়দের ঢাকা প্রিমিয়ার লিগে খেলার অনুমতি দেয়ার ব্যাপারে শনিবার নির্বাহী কমিটির সভায় নীতিগতভাবে একমত হয়েছেন তারা। শুধু তাই নয়, খেলোয়াড়রা যাতে আর্থিকভাবে লাভবান হন সে জন্য তাদের বিশেষ ব্যবস্থায় দল বদলেরও সুযোগ করে দেয়ার চেষ্টা চলছে। বিএইচএফ'র যুগ্ম সম্পাদক রশিদ শিকদার শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " দুই/তিন দিনের মধ্যেই লিগ কমিটিও ও ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসে জাতীয় দলের খেলোয়াড়দের লিগে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। সিদ্ধান্তটা অবশ্যই তা খেলোয়াড়দের পক্ষে হতে হবে।"
তিনি আরো জানান, জার্মান লিগ শেষে প্রদর্শণী ম্যাচ খেলতে জাতীয় দলের খেলোয়াড়রা এখন হল্যান্ডে আছেন। ১৯ জন খেলোয়াড় জার্মানিতে গেলেও এরই মধ্যে দেশে ফিরেছেন তিন জন। হাঁটুতে চোট পেয়ে অনেক আগেই ফিরতে হয়েছে জাহিদুল ইসলাম রাজনকে। কোচের সঙ্গে বনিবনা না হওয়ায় খন্দকার হাসান আহমেদ আর রিমন কুমার ঘোষকে দেশে ফেরত পাঠানো হয় প্রায় দু সপ্তাহ আগে। বাকি ১৬ জনকে নিয়ে প্রস্তুতি ম্যাচ খেলছে জাতীয় দল।
হকি ফেডারেশনের আরেক যুগ্ম-সম্পাদক আনভির আহমেদ আদেল জানান, বিভিন্ন ভাগে ২ নভেম্বর থেকে দেশে ফিরবেন ১৪ জন খেলোয়াড়। বাকি দু'জনকে ডিসেম্বর পর্যন্ত হল্যান্ডেই থাকতে হবে সে দেশের লিগে অংশ নেয়ার জন্য।
ফেডারেশনের নির্বাহী কমিটি জাতীয় দলের খেলোয়াড়দের লিগে খেলার বিষয়ে নীতিগতভাবে একমত হলেও লিগ কমিটি এ বিষয়ে কোনো মতামত দেয়নি। জাতীয় দলের খেলোয়াড়দের দল বদলের সুযোগ করে দেয়ার বিষয়টি তাদের হাতেই। যদিও আবাহনীসহ বেশ কয়েকটি ক্লাবের পক্ষ থেকে জাতীয় দলের খেলোয়াড়দের লিগে খেলা এবং বিশেষ ব্যবস্থায় দলবদলের জন্য লিগ কমিটিকে চিঠি দেয়া হয়েছে।
বিশেষ ব্যবস্থায় দলবদল না হলেও লিগের বাইলজ অনুযায়ী খেলার সুযোগ থাকছে জাতীয় দলের খেলোয়াড়দের। সে ক্ষেত্রে পুরনো (সর্বশেষ খেলা) ক্লাবেই খেলতে হবে তাদের। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাই বেশি। কারণ এ পদ্ধতিতে দরকষাকষির সুযোগ পাবেন না খেলোয়াড়রা। অন্য সমস্যার আশঙ্কাও উড়িয়ে দেয়া যায় না। আবাহনী, মোহামেডান বা উষা ক্রীড়াচক্র নিজেদের পছন্দের খেলোয়াড় পেতে মরিয়া হয়ে উঠলে জটিলতা বাড়বে বৈকি!
রশিদ শিকদার বলেন,"সিদ্ধান্ত যা-ই হোক না কেন, লিগ কমিটিকে দ্রুত কাজ করতে হবে। ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনে ৫ নভেম্বর থেকে ক্লাব কাপ এবং ২০ নভেম্বর থেকে লিগ শুরু করলে সবার জন্যই মঙ্গল হবে। কারণ, ১ জানুয়ারি থেকে এসএ গেমসের জন্য জাতীয় দলের ক্যাম্প ডাকবেন জার্মান কোচ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০০০ ঘ.
bdnews24