লন্ডন, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রথমে গোল করেও রাউল গঞ্জালেস রিয়াল মাদ্রিদকে রক্ষা করতে পারেননি। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তার দল ২-৩ গোলে হেরে যায় এসি মিলানের কাছে। অন্যান্য গুরুত্বপূর্ণ খেলায় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও জুভেন্টাস।
রিয়ালের মাঠে ১৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন রাউল। সেই সঙ্গে ছুঁয়ে ফেলেন চ্যাম্পিয়ন্স লিগে জার্মনির গার্ড মুলারের সর্বোচ্চ গোলের রেকর্ডও। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়ালকে চেপে ধরে এসি মিলান। ৬৩ মিনিটে মিলানের আন্দ্রে পিরলো গোল করে খেলায় সমতা আনেন। এর মিনিট দুয়েক যেতে না যেতেই মিলানকে এগিয়ে নেন আলেকসান্দ্রো পাতো। দশ মিনিট পর রিয়ালের রয়স্ট্রন ড্রেনথে গোল করে আবার সমতা ফেরান খেলায়। কিন্তু ৮৭ মিনিটে পাতো আবারও গোল করে নয়বারের চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় নিশ্চিত করেন সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলানের।
লিগের অন্য ম্যাচে অ্যান্টনিও ভ্যালেন্সিয়ার একমাত্র গোলে রুশ ক্লাব সিএসকেএ মস্কোর বিপক্ষে জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড।
জয়ের ধারায় আছে ইংলিশ ক্লাব চেলসি। ৪-০ গোলে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারায় তারা।
ম্যাক্কাবি হাইফাকে ১-০ গোলে হারিয়েছে ইতালীয় ক্লাব জুভেন্তাস।
অমিমাংসিতভাবে শেষ হয়েছে বেসিকটাস-ভিএফএল উল্ফসবার্গের ম্যাচ।
স্ট্রাইকার হাকের দুর্দান্ত পারফরমেন্সে ১ গোলে পিছিয়ে থেকেও এফসি পোর্তো ২-১ গোলে জয় পেয়েছে এপিওইল নিকোশিয়ার বিপক্ষে। পোর্তোর পক্ষে দু'টি গোলই করেন হাক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২০৩৭ ঘ.
bdnews24