চেন্নাই, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছিল তাকে। কিন্তু পথেই অবস্থার আরো অবনতি হওয়ায় পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সর্বকালের অন্যতম সেরা ফাস্টবোলার ওয়াসিম আকরামের স্ত্রী হুমাকে জরুরি ভিত্তিতে নিয়ে যেতে হয়েছে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে।
হাসপাতাল ও বিমানবন্দর কর্মকর্তারা জানান, অ্যাম্বুলেন্সের চিকিৎসকদের পরামর্শে হুমাকে অ্যাপলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে তার চিকিৎসা চলছে। এ মুহুর্তে রোগীর কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস অব্যাহত রাখা হয়েছে বলেও জানিয়েছেন তারা।
ওয়াসিম আকরামের স্ত্রী-র এ খবর পেয়ে সাবেক ভারতীয় অলরাউন্ডার, বর্তমানে টিভি ভাষ্যকার রবি শাস্ত্রী হাসপাতালে যান। আকরাম ও তার পরিবারের সঙ্গে দু ঘন্টা কাটান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২০৪৫ ঘ.
bdnews24