২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগে বার্সা লিভারপুলের হার

চ্যাম্পিয়ন্স লিগে বড় দলগুলোর মাঝে মাঝে হোঁচট খাওয়া নতুন কিছু নয়। কিন্তু একই দিনে সব বড় দলের হোঁচট খাওয়ার দৃষ্টান্ত বিরল। মঙ্গলবার রাতে সেরকমই ঘটেছে। হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা এবং শিরোপার আরেক দাবীদার লিভারপুল। ড্র করতে বাধ্য হয়েছে ইন্টার মিলান ও আর্সেনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 01:04 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

লন্ডন, অক্টোবর ২১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চ্যাম্পিয়ন্স লিগে বড় দলগুলোর মাঝে মাঝে হোঁচট খাওয়া নতুন কিছু নয়। কিন্তু একই দিনে সব বড় দলের হোঁচট খাওয়ার দৃষ্টান্ত বিরল। মঙ্গলবার রাতে সেরকমই ঘটেছে। হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা এবং শিরোপার আরেক দাবীদার লিভারপুল। ড্র করতে বাধ্য হয়েছে ইন্টার মিলান ও আর্সেনাল। নিজেদের মাঠে ২-১ গোলে রুশ ক্লাব রুবিন কাজানের কাছে হেরেছে বার্সেলোনা। অন্যদিকে লিভারপুল অ্যানফিল্ডে মহানাটকীয় ম্যাচে একই ব্যবধানে হার মেনেছে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওর কাছে। তবে ইতালীয় ক্লাব ইন্টার মিলান বরাত জোরে বেঁচে গেছে ডায়নামো কিয়েভের বিপক্ষে, ম্যাচ শেষ হয়েছে ২-২ গোলে। একই দিনে আর্সেনাল টানা তৃতীয় জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমে এজেড আলকমারের সঙ্গে শেষ মিনিটের গোলে ম্যাচ ড্র ( ১-১) রাখতে পেরেই ফেলেছে স্বস্তির নিঃশ্বাস। মঙ্গলবার রাতের আরেক ম্যাচে ফিওরেন্টিনা ৪-৩ গোলের দারুণ এক জয় পেয়েছে ডেব্রিসিনের বিপক্ষে। ওদিকে সেভিয়া তাদের টানা তৃতীয় জয়টি তুলে নিয়েছে ভিএফবি স্টুটগার্ডকে ৩-১ গোলে হারিয়ে। ন্যু ক্যাম্পে স্বাগতিক বার্সা খেলা শুরুর মিনিট দুয়েক পরেই পিছিয়ে পড়ে। ফাঁকায় বল পেয়ে আলেজান্ডার রায়াজান্ডসেভের দূর পাল্লার শটটি বার্সা গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে আশ্রয় নেয়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পরিশোধ করে বার্সাকে খেলায় ফিরিয়ে আনেন জ্লাতান ইব্রাহিমোভিচ। গোলটি হয় ৪৮ মিনিটে। কিন্তু ৭৫ মিনিটে আবারও গোল করে সফরকারী রুবেনকে এগিয়ে নেন গকদেনিজ কারাদেনিজ। খেলার বাকি সময়ে আপ্রাণ চেষ্টা করেও গোল পরিশোধ করতে পারেনি বার্সা। তবে এ ম্যাচ হারলেও দ্বিতীয় রাউন্ডে উঠতে হয়তো খুব একটা অসুবিধে হবে না বার্সেলোনার। এফ গ্র"পে ৪ পয়েন্ট নিয়ে এখনও তারা পয়েন্ট তালিকার শীর্ষে। তবে সমান পয়েন্ট নিয়ে ডায়নামো কিয়েভ এবং রুবিন কাজানও তাদের পাশাপাশিই হাঁটছে। তবে তিন ম্যাচ ড্র করায় ৩ পয়েন্ট নিয়ে গ্র"পে সবশেষে আছে ইন্টার মিলান। কিন্তু ই' গ্র"প থেকে লিভারপুলের জন্য দ্বিতীয় রাউন্ডে ওঠা বেশ কঠিনই হয়ে গেছে। কারণ লিঁওর কাছে ২-১ গোলে হেরে পয়েন্ট তালিকায় এখন তারা তৃতীয় স্থানে। ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে অলিম্পিক লিঁও। ৬ পয়েন্ট নিয়ে ফিওরেন্টিনা আছে দ্বিতীয় স্থানে। তবে লিভারপুলকে এই অবস্থায় পড়তে হতো না যদি ইনজুরি টাইমের গোলে সিজার দেলগাদো লিঁওকে এগিয়ে না দিতেন। এমনিতেই পাঁচ বারের ইউরোপীয় চ্যাম্পিয়নরা চোটের কারণে স্ট্রাইকার ফার্নান্দো তোরেসকে ছাড়াই মাঠে নামে। খেলার ২৪ মিনিটে অধিনায়ক স্টিফেন জেরার্ডও চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। তারপরও প্রথমার্ধের শেষ দিকে জোসি বনায়ুনের গোলে এগিয়ে গিয়েছিল তারা। দ্বিতীয়ার্ধেও বেশ কিছুক্ষণ এগিয়েই ছিল লিভারপুল। কিন্তু ৭২ মিনিটের সময় লিঁওর পক্ষে গোল করে সমতা ফেরান ম্যাক্সিম গোনালোনস। তাও হয়তো অলরেডরা না হারার সান্ত্বনা নিয়েই মাঠ ছাড়তে পারতেন। কিন্তু শেষ বাঁশি বাজার ঠিক আগে, একেবারে ৯০ মিনিটেই গোল করে বসেন দেলগাদো। ওদিকে ডায়নামো কিয়াভের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ে ইন্টার মিলান। ৩৫ মিনিটে সেই গোল শোধ করে দেন ডেজান স্টানকোভিচ। ৪০ মিনিটে লুসিওর গোলে আবারও এগিয়ে যায় ডায়নামো। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ওয়াটার স্যামুয়েলের দুর্দান্ত শটে খেলায় সমতা নিয়ে আসে ইন্টার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিএ/এসি/১৮৫০ ঘ.