ফ্লোরেন্স, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভীমরুলের কামড়ের চিকিৎসায় কর্টিসোম খেয়েছিলেন ইতালি ডিফেন্ডার ফাবিও ক্যানাভারো। এজন্য ডোপ টেস্টে ব্যর্থও হয়েছিলেন। তবে তারপরও শেষ পর্যন্ত পার পেয়ে গেছেন তিনি, কোনো শাস্তি পেতে হচ্ছে না তাকে চিকিৎসায় ক্যানাভারোর কর্টিসোম ব্যবহারের কথা নিশ্চিত হয়ে ইতালিয়ান অলিম্পিক কমিটির ডোপবিরোধী আদালত সোমবার মামলাটি খারিজ করে দেয়।
এ ব্যাপারে ইতালি অধিনায়ককে গত সপ্তাহে জিজ্ঞাসাবাদ করা হয়। সে সময় কানাভারো বলেছিলেন, তিনি কোনো ভুল করেননি। এজন্য যে গণরোষ দেখা দিয়েছে তারও কোনো পরোয়া করেন না তিনি।
পরে কানাভারো বলেন, "এ ব্যাপারে আমার বিবেক পরিস্কার।" এর আগেই তিনি ইতালি দলের সঙ্গে যোগ দেন। বর্তমানে সাইপ্রাসের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের বুধবারের ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
ইতালির পক্ষে সবচেয়ে বেশি ১২৯টি ম্যাচ খেলেছেন কানাভারো। সাবেক অধিনায়ক পাওলো মালদিনি খেলেছেন ১২৭টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৮৪০ ঘ.
bdnews24