লিসবন, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়োিন্টফোর ডটকম) - হাঙ্গেরির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ২৭ মিনিটের সময় চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোড়ালির সেই চোটই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো এই উইঙ্গারের জন্য। রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ জানিয়েছে, গোড়ালির চোট থেকে সেরে উঠতে কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ লাগবে তার।
সেপ্টেম্বরে মার্শেইয়ের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে একই জায়গায় চোট পেয়েছিলেন এই পর্তুগীজ। যে কারণে রিয়াল-সেভিয়া ম্যাচ মাঠের বাইরে বসে দেখতে হয়েছিল তাকে। হাঙ্গেরির বিপক্ষে বাছাই পর্বের ম্যাচেও তাকে দেখা যাবে না বলেই ভেবেছিলেন সবাই। কিন্তু ফিটনেস টেস্ট উতরে ঠিকই মাঠে নামেন রোনালদো। শেষ পর্যন্ত ডান গোড়ালিতে ব্যথা পেয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে হয় তাকে।
রোনালদোকে ছাড়া এ মৌসুমে একটি মাত্র ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। এবং সেই ম্যাচেই দেখেছে পরাজয়ের মুখ। এবার ফর্মের তুঙ্গে থাকা রোনালদোকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলান ও স্প্যানিশ লিগের দুটি ম্যাচে নামতে হবে তাদের।
বিডিনিউজ টোয়োিন্টফোর ডটকম/টিএ/এসি/২১০৭ ঘ.
bdnews24