২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেভারিটদের দিনে পারল না শুধু আর্সেনাল

শেষ মুহূর্ত পর্যন্ত আশঙ্কার মধ্যে থাকলেও রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে পয়েন্ট হারাতে হয়নি। শনিবার ম্যাচের একেবারে অন্তিম সময়ে গোল করে স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় জয় ছিনিয়ে নিয়েছে দুই পরাশক্তি। রিয়াল বেটিসের বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিতেছে ২-১ গোলে। পিছিয়ে পড়েও এসপানিওলের সঙ্গে 'বার্সা'র জয়ের ব্যবধানও একই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2008, 11:51 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

মাদ্রিদ/লন্ডন/রোম, ২৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শেষ মুহূর্ত পর্যন্ত আশঙ্কার মধ্যে থাকলেও রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে পয়েন্ট হারাতে হয়নি। শনিবার ম্যাচের একেবারে অন্তিম সময়ে গোল করে স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় জয় ছিনিয়ে নিয়েছে দুই পরাশক্তি। রিয়াল বেটিসের বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিতেছে ২-১ গোলে। পিছিয়ে পড়েও এসপানিওলের সঙ্গে 'বার্সা'র জয়ের ব্যবধানও একই। কিন্তু এগিয়ে গিয়েও ঘরের মাঠে জিততে পারেনি আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের ২-১ গোলে হারিয়ে বড় এক অঘটনের জন্ম দিয়েছে নবাগত হাল সিটি। ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লিভারপুল অবশ্য কোনো অঘটনের শিকার হয়নি। ইংল্যান্ডের তিন 'জায়ান্ট' ক্লাব হারিয়েছে বোল্টন ওয়ান্ডারার্স, স্টোক সিটি ও এভারটনকে। কাকতালীয়ভাবে তিন দলের জয়ের ব্যবধানই ২-০! তবে ইতালিয়ান সিরি 'এ'তে জুভেন্টাস পয়েন্ট নষ্ট করেছে। সাম্পদোরিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। 'জুভ'দের এটা টানা দ্বিতীয় ড্র। এসপানিওলের মাঠে বার্সেলোনা ২০ মিনিটের সময় পিছিয়ে পড়েছে গোলরক্ষক ভিক্টর ভালদেসের এক অমার্জনীয় ভুলে। পোস্টের ঠিক সামনে উঁচু হয়ে আসা একটি বল ফিস্ট করে কর্নারের বিনিময়ে না বাঁচিয়ে ভালদেস উল্টো মাঠের মধ্যে তা ফেরত পাঠিয়েছেন। সুযোগটার সদ্ব্যবহার করে স্বাগতিকদের এগিয়ে দিতে ভুল হয়নি ফেরান কোরোমিনাস ওরফে কোরোর। অথচ তার আগে 'বার্সা'র একের পর এক আক্রমণে রীতিমতো নাভিশ্বাস উঠেছিল এসপানিওল ডিফেন্সের। প্রথমার্ধ জুড়ে অজস্র সুযোগ পেয়েও গোলটা শোধ করতে পারেনি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি এক ন্যক্কারজনক ঘটনায় খেলা বন্ধ করে দিতে বাধ্য হন রেফারি। গ্যালারির ওপরের অংশ থেকে উচ্ছৃঙ্খল দর্শকরা আতশবাজি ছুড়ে মারে নিচের দর্শকদের লক্ষ্য করে। এ নিয়ে গন্ডগোলের সূত্রপাত এবং যার জের ধরে মিনিট দশেকের জন্য খেলা বন্ধ রাখেন রেফারি। খেলা আবার শুরু হতেই সমতায় ফিরেছে বার্সেলোনা। ৮৪ মিনিটে জাভির একটি লং বল ধরে প্রতিপক্ষের গোলমুখে শট নিয়েছেন থিয়েরি অঁরি। এসপানিওলের গোলরক্ষক কার্লোস কামেনি সেটা ফেরালেও ড্যানিয়েল জার্কের গায়ে লেগে বল আবার চলে যায় অঁরির কাছে। এবার আর বল জালে জড়াতে ভুল হয়নি আগের দিনই দলবদলের প্রচ্ছন্ন হুমকি দেয়া অঁরির। বার্সেলোনা জয়সূচক গোল পেয়েছে ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে। স্যামুয়েল এ'তোকে ফাউল করার মাধ্যমে পাওয়া পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে দলকে মূল্যবান তিনটি পয়েন্ট এনে দিয়েছেন লিওনেল মেসি। বেটিসের মাঠে রিয়ালের জয়সূচক গোলও এসেছে অন্তিম সময়ে। তবে তার আগে পুরো ম্যাচ জুড়ে ছিল নাটকীয়তার ছড়াছড়ি! ১৯ মিনিটে রুবেন ডে লা রেডের ফ্রিকিকে হেড করে স্প্যানিশ চ্যাম্পিয়নদের এগিয়ে দেন আর্জেন্টাইন ডিফেন্ডার গ্যাব্রিয়েল হাইঞ্জ। কিন্তু ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোর ভুলে গোলটা তারা ধরে রাখতে পারেনি। ৫৪ মিনিটে দামিয়া আবেল্লাকে ব্যাক ট্যাকল করে প্রতিপক্ষকে শুধু পেনাল্টিই উপহার (!) দেননি মার্সেলো, লালকার্ড পেয়ে দলকেও পরিণত করেছেন দশ জনে। পেনাল্টির সময়ও নাটকীয়তা কম হয়নি! সার্জিও গার্সিয়ার শট রিয়াল গোলরক্ষক ইকার ক্যাসিয়াস প্রথমে ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু ফিরতি বলে গার্সিয়ারই শট ঠেকানো সম্ভব হয়নি এই সময়ের অন্যতম সেরা গোলরক্ষকের পক্ষে (১-১)। কিন্তু সেই গার্সিয়াই ৮২ মিনিটের সময় নায়ক থেকে পরিণত হয়েছেন খলনায়কে পরিণত হয়েছেন স্বাগতিকদের জন্য। রিয়ালের বদলি মিডফিল্ডার রয়স্টন ড্রেনথেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে গেছেন এই স্ট্রাইকার। প্রতিপক্ষের খেলোয়াড় সংখ্যা নিজেদের সমান হওয়ায় অনুপ্রাণিত রিয়াল জয়সূচক গোল পেয়েছে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মতোই ইনজুরি সময়ে। 'মার্কার' হুয়ানিতোকে এড়িয়ে ডান দিক দিয়ে এক লম্বা দৌড়ে বেটিসের গোলমুখে ঢুকে নিচু শটে গোলটা করেছেন স্প্যানিশ চ্যাম্পিয়নদের বহু জয়ের নায়ক রুড ফন নিস্টলরয়। তবে শেষ মুহূর্তে পাওয়া গোলে নাটকীয় জয় পেলেও লিগের শীর্ষস্থান দখল করতে পারেনি রিয়াল বা বার্সেলোনা কেউই। সেখানে যথারীতি ভিলারিয়ালের অবস্থান। রসির লক্ষ্যভেদে নবাগত স্পোর্টিং গিজনকে ১-০ গোলে হারানো ভিলারিয়ালের ৫ ম্যাচ থেকে সংগ্রহ ১৩ পয়েন্ট। সমান ম্যাচ খেলে রিয়ালের পয়েন্ট ১২ আর 'বার্সা'র ১০। ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইপিএল-এর সবচেয়ে চমকপ্রদ ঘটনা নিঃসন্দেহে হাল সিটির আর্সেনাল 'বধ'। ইপিএল-এ প্রথমবারের মতো খেলতে এসে ষষ্ঠ ম্যাচেই আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে সবাইকে চমকে দিয়েছে তারা। প্রথমার্ধে প্রাধান্য বিস্তার করেও গোলের দেখা না পাওয়া আর্সেনাল ৫০ মিনিটে এগিয়ে যায় পল ম্যাকশেনের আত্মঘাতী গোলের সুবাদে। তবে পিছিয়ে পড়েও দমে যায়নি নবাগতরা। ৬২ মিনিটে জিওভান্নির জোরালো শটে সমতায় ফিরেছে তারা। আর এর ঠিক চার মিনিট পর কর্নার থেকে ড্যানিয়েল কাজিনের হেড থেকে পেয়েছে মধুর এক জয়। যেটা আবার এমিরেটসে ৬০তম ম্যাচে আর্সেনালের মাত্র দ্বিতীয় পরাজয়! তবে জয় পেতে সমস্যা হয়নি ম্যানইউ, চেলসি ও লিভারপুলের। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে বোল্টনের বিপক্ষে ম্যানইউকে জয় এনে দিয়েছেন দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও ওয়েইন রুনি। গোলশূন্য প্রথমার্ধে অবশ্য বোল্টনের আক্রমণের ঝাঁঝই ছিল বেশি। কিন্তু বিরতির পর গোলের আশায় মরিয়া ইংলিশ চ্যাম্পিয়নদের আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি প্রতিপক্ষ। তেমনই এক আক্রমণ থেকে পাওয়া পেনাল্টি কাজে লাগিয়ে ৬০ মিনিটে দলকে এগিয়ে দিয়েছেন রোনালদো। আর ৭৭ মিনিটে 'রেড ডেভিল'দের জয় নিশ্চিত করেছেন রুনি। চেলসি ও লিভারপুল দু দলই জিতেছে প্রতিপক্ষের মাঠে। স্টোক সিটির বিপক্ষে চেলসির দুই গোলদাতা বোসিংওয়া ও আনেলকা। আর এভারটনের সঙ্গে লিভারপুলের দুটো গোলই করেছেন ফার্নান্দো তরেস। এই জয়ে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট করে নিয়ে লিগ টেবিলে যৌথভাবে শীর্ষেই রইলো চেলসি ও লিভারপুল। গোল গড়ে চেলসি অবশ্য এগিয়ে। ১৩ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই অ্যাস্টন ভিলার অবস্থান। আর্সেনালের পয়েন্ট ১২ আর ম্যানইউ'র ৯। ইংলিশ চ্যাম্পিয়নরা অবশ্য একটা ম্যাচ কম খেলেছে এখন পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭৫০ঘ.