ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- অনেক নাটক করে অবিশ্বাস্য এক জয় পেয়েছে আরামবাগ। এক গোলে পিছিয়ে থাকা অবস্থায় বৃষ্টির অজুহাতে দু-দুবার না খেলার নাটক করে ম্যাচের শেষদিকের গোলে তারা ২-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধাকে। এই জয় প্রথম পয়েন্ট উপহার দিয়েছে তদের, দু'ম্যাচে আরামবাগের সংগ্রহ ৩ পয়েন্ট।
প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা এই মৌসুমে দারুন অগোছালো। সেই দল গঠন থেকে শুরু করে এখনো চলছে তাদের দুর্দশা। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগের বিপক্ষে এই দলটি ভাল খেলেছে ১৫ মিনিট, ২০ থেকে ৩৫-তম মিনিট পর্যন্ত। এবং এর মধ্যেই তারা এক গোলে এগিয়ে যায়। ২৭ মিনিটে আরামবাগের গোলমুখে ডিফেন্ডার আকরাম মুক্তিযোদ্ধার স্ট্রাইকার কাঞ্চনকে ফাউল করলে রেফারি পেনাল্টি বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করেন মুক্তিযোদ্ধার বিদ্যুৎ।
অথচ ওই সময়টুকু বাদ দিলে আরামবাগই আধিপত্য করেছে ম্যাচে। কিন্তু নিকোডিমাসের গোল মিসের হিড়িকে তারা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। আর সেখান তাদের মনে ভয়ের জন্ম, গোল না পাওয়ার ভয়। যে কারণে ৬৭ মিনিটের মাথায় আলোর স্বল্পতায় খেলা বন্ধ হয়ে গেলে তারা আর খেলতে চায়নি। পরে ফ্লাডলাইট জ্বালিয়ে খেলার পরিবেশ তৈরি হলেও আরামবাগ বেঁকে বসে, যদিও ১৭ মিনিট পরে আবার খেলতে নামে। এরপর বৃষ্টির কারণে আরেক দফা খেলা বন্ধ হলে একই ধরনের নাটক করে আরামবাগ। কিন্তু আবারো মত পাল্টে তাদের খেলতে হয় এবং হঠাৎ করে দেখা গেলো সৌভাগ্য তাদের সঙ্গী হয়ে গেল !
কিছু সময় পার করলেই যেখানে মুক্তিযোদ্ধার জয় নিশ্চিত হয় সেখানে আরামবাগ অবিশ্বাস্যভাবে চার মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচ জিতে নেয়। বারে বারে গোলের সুযোগ নষ্ট করা আরামবাগের পক্ষে ৮৬ মিনিটে সমতাসূচক গোলটি করেন ইমরুল, চার ডিফেন্ডারের মাঝে থেকেও জোরালো শটে বল জড়িয়ে দিয়েছেন মুক্তিযোদ্ধার জালে। জয়সূচক গোলটি হয় নির্ধারিত সময়ের শেষ মিনিটে, ডানদিক থেকে পাঠানো নিকোডিমাসের মাইনাসটি নিশ্চিত গোলে প্লেসিং করেছেন সিরাজুল করিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২০২৬ঘ.
bdnews24