ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- শুক্রবার থেকে শুরু হচ্ছে মারদেকা কাপ ফুটবলের প্রস্তুতি। গত ৪ সেপ্টেম্বর ৩০ জনকে প্রাথমিক ক্যাম্পের জন্য বাছাই করা হলেও বি. লিগের জন্য এতদিন প্র্যাকটিস শুরু করা যায়নি। অথচ আগামী ১৫ অক্টোবর থেকে মালয়েশিয়ায় শুরু হবে এই টুর্নামেন্ট।
বৃহস্পতিবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কো-চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী জানিয়েছেন, "আগামীকাল (শুক্রবার) থেকে বিকেএসপিতে ক্যাম্প শুরুর সিদ্ধান্ত হয়েছে, টানা ৪ অক্টোবর পর্যন্ত ক্যাম্প চলবে।" ক্যাম্প নিয়ে জাতীয় দলের কোচ শফিকুল ইসলাম মানিক নিজের পরিকল্পনার কথা বলেছেন, "কয়েকজন খেলোয়াড়ের ফিটনেস নিয়ে সমস্যা আছে, তবে সবার নয়। তাই এই ক্যাম্পে আমি কৌশলের ওপরই বেশি জোর দেবো। আগামী ১০ অক্টোবর মারদেকা কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হবে।" নতুন এই কোচকে একজন সহকারী দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। তাদের অধীনে থাকা ১৩ জন কোচের মধ্য থেকে একজনকে বেছে নেবেন মানিক।
এছাড়া সভায় আলোচনা হয়েছে জাতীয় দলের ফুটবলারদের ম্যাচ-ফি ও বীমার বিষয়টি। "খেলোয়াড়দের ম্যাচ-ফি দেওয়া এবং বীমা করানোর ব্যাপারে আমরা নীতিগতভাবে একমত হয়েছি। একটা বীমা কোম্পানির সঙ্গে আলাপ চলছে। আমরা চেষ্টা করছি মারদেকা কাপে অগেই সব ঠিকঠাক করে ফেলতে"---- বলেছেন নুরুল আলম চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৩০ঘ.
bdnews24