২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভয় জয় করা ম্যাচের পর ব্রাদার্স যৌথভাবে লিগের শীর্ষে

ব্রাদার্সের সামনে পড়েই খুলনা আবাহনীর চমক উধাও। প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধাকে হারানো খুলনার এই দলটি সোমবার নিজেদের মাঠেই ১-৩ গোলে হেরেছে ব্রাদার্স ইউনিয়নের কাছে। আর এই জয় ব্রাদার্সকে ভারমুক্ত করে প্রেরণার উৎস হবে পরের ম্যাচগুলোর জন্য। এই জয় তাদের তুলে দিয়েছে বি. লিগের শীর্ষে। দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে ব্রাদার্স যৌথভাবে শীর্ষে আছে ঢাকা মোহামেডান, শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনীর সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2008, 04:12 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ব্রাদার্সের সামনে পড়েই খুলনা আবাহনীর চমক উধাও। প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধাকে হারানো খুলনার এই দলটি সোমবার নিজেদের মাঠেই ১-৩ গোলে হেরেছে ব্রাদার্স ইউনিয়নের কাছে। আর এই জয় ব্রাদার্সকে ভারমুক্ত করে প্রেরণার উৎস হবে পরের ম্যাচগুলোর জন্য। এই জয় তাদের তুলে দিয়েছে বি. লিগের শীর্ষে। দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে ব্রাদার্স যৌথভাবে শীর্ষে আছে ঢাকা মোহামেডান, শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনীর সঙ্গে। অন্য বড় সতীর্থদের মতো লিগে তাদের শুরুটাও হয়েছিল হতাশাব্যঞ্জক, চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে ১-১ গোলে ড্র করে। স্বাভাবিকভাবে দ্বিতীয় ম্যাচ নিয়ে ব্রাদার্স শিবির ভুগছিল স্নায়ুচাপে। কারণ খেলতে হবে খুলনা আবাহনীর মাঠে গিয়ে, যারা মুক্তিযোদ্ধাকে ৩-১ গোলে হারিয়েছে আগের ম্যাচে। এসব চাপ-উত্তেজনাকে জয় করেছে ব্রাদার্স ডিভাইন, তপু ও মঞ্জুর গোলে। খুলনা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৫ মিনিটের মাথায় ব্রাদার্স এগিয়ে যায় ডিভাইনের পেনাল্টি গোলে। খুলনা আবাহনীর নাসির ডি বক্সে অরূপকে ফাউল করলে এই পেনাল্টি পায় ব্রাদার্স। আর তা থেকে শুরুতেই গোল পেয়ে তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তাহলেও দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় ৭৪ মিনিট পর্যন্ত। ডানদিক থেকে জাহিদের ক্রসে মেহেদী হাসান তপু হেড করে বল জড়িয়ে দেন আবাহনীর জালে। কিন্তু ২ মিনিটের মধ্যে ব্যবধান কমিয়ে ফেলে খুলনা আবাহনী। ৭৬ মিনিটে মেহেদী হাসানের এই গোলে আবাহনীর ম্যাচে ফেরার একটা সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু সেটা তারা কাজে লাগাতে পারেনি। বরং ব্রাদার্স জয় নিশ্চিত করার জন্য চাপ বাড়াতে থাকে। সেই চাপে আবাহনীর ডিফেন্স এলোমেলো হয়ে যায়, সুযোগ নিয়ে ৮৭ মিনিটে আশরাফুর কাদের মঞ্জু গোল করে ব্রাদার্সের জয় নিশ্চিত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০০০ঘ.