ঢাকা, ২১ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপিয়ান ফুটবলে এবার বড় দলগুলোর বড় খারাপ সময় যাচ্ছে। শনিবার সেই দুঃসময়ের শিকার হয়েছে গতবারের দুই চ্যাম্পিয়ন, জার্মানির বায়ার্ন মিউনিখ আর নেদারল্যান্ডসের পিএসভি এইন্দহোফেন। নিজেদের মাঠে গতবারের রানার্স-আপ ওয়ের্ডার ব্রেমেনের কাছে ২-৫ গোলের লজ্জাজনক হার মানতে হয়েছে বায়ার্নকে, পিএসভিকে একমাত্র গোলে হারিয়েছে অখ্যাত এজেড আলকমার।
শনিবার একটা ধাক্কা খেয়েছে ইংলিশ লিগের বড় দল লিভারপুল আর এ মৌসুমের শুরু থেকেই স্প্যানিশ লিগের শীর্ষে থাকা এস্পানিওলও। নবাগত স্টোক সিটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে লিভারপুল, আর এস্পানিওলকে রুখে দিয়েছে গেটাফে। ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের সমতায়।
তবে এদিনই আবার জয়ের ধারায় ফিরেছে ইতালিয়ান লিগের বড় দল এএস রোমা, জয় পেয়ে শীর্ষে উঠে গেছে ইংলিশ লিগের সাবেক চ্যাম্পিয়ন আর্সেনালও। সিরি-আ'র প্রথম দুম্যাচ আর চ্যাম্পিয়নস লিগের গ্র"পপর্বে একটি মিলিয়ে টানা তিনম্যাচ হারা রোমা ৩-০ গোলে হারিয়েছে রেজ্জিনাকে, আর বোল্টন ওয়ান্ডারার্সকে ৩-১ গোলে হারিয়েছে গানার্সরা। ৩-১ গোলের জয় দিয়েই লিগ অভিষেক হয়েছে ওয়েস্টহ্যামের নতুন কোচ জিয়ানফ্রাঙ্কো জোলার। তার দল হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে।
গত সপ্তাহেই চ্যাম্পিয়নস লিগের গ্র"পপর্বে সাইপ্রাসের ছোট্ট দল অ্যানরথোসিস ফ্যামাগুস্তার বিপক্ষে গোলের দেখা পাননি ব্রেমেনের স্ট্রাইকাররা। কিন্তু শনিবার মিউনিখের অলিম্পিক স্টেডিয়ামে তাদের দেখা গেল একেবারেই অন্য রূপে। এমনই সে রূপ, যে তার সামনে গতবারের বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের লাগছিল একেবারে অসহায়। মার্কাস রোসেনবার্গের দুটি আর ন্যালডো, মেসুত ওজিল ও বায়ার্নেরই সাবেক তারকা ক্লদিও পিজারোর লক্ষ্যভেদে এক সময় ৫-০ গোলে এগিয়ে গিয়েছিল তারা! শেষ দিকে দুটি গোল শোধ করে স্কোরলাইনের চেহারাটাকে খানিকটা বদলেছেন টিম বরোভস্কি, কিন্তু তাতে খুশি হতে পারেননি বায়ার্নের কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান। "এটা আমাদের জন্য ছিল একটা কালো দিন"
bdnews24