লিসবন, ১৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আটলান্টিক মহাসাগরের এক ছোট্ট দ্বীপ মাদেইরা। এমনিতে সবার কাছে তেমন পরিচিত না হলেও এই দ্বীপেই জন্ম এক জন বিখ্যাত ফুটবলারের। গত মৌসুমে দুই পায়ের জাদু দিয়ে একের পর এক অসাধারণ গোল করে ফুটবল দুনিয়াকে স্তম্ভিত করে দিলেও ক্রিস্টিয়ানো রোনালদো আজো ভুলতে পারেননি তার জন্মস্থানের কথা। আর পারেননি বলেই ইউরোপিয়ান গোল্ডেন বুটের ট্রফিটা তিনি নিতে চেয়েছেন মাদেইরাতে। তার অনুরোধে সাড়া দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। শনিবার মাদেইরার এক হোটেলে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সোনালী বুটের ট্রফিটা 'ছোট' রোনালদোর হাতে তুলে দিয়েছে তারা।
গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ৩১ গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডের টানা দ্বিতীয় শিরোপা জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন রোনালদো। সেই সাফল্যের স্বীকৃতি হিসাবেই পুরস্কারটা পেলেন তিনি। ইউরোপের ঘরোয়া লিগগুলোতে পারফরম্যান্সের বিচারে প্রতি বছর এই পুরস্কার দিয়ে থাকে উয়েফা। গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮ পয়েন্ট বেশি পাওয়াতেই পরিষ্কার, নির্বাচকদের মন কতটা ঝুঁকেছিল রোনালদোর দিকে। ২৭ গোল করে স্প্যানিশ 'প্রিমেরা লিগা'র সর্বোচ্চ গোলদাতা হওয়া রিয়াল মায়োর্কার স্ট্রাইকার ড্যানিয়েল গুইজা হয়েছেন দ্বিতীয়। আয়াক্স আমস্টার্ডামের ক্লাস-জ্যান হান্টেলারের অবস্থান তৃতীয়। গত মৌসুমে ৩৩ গোল করলেও ডাচ লিগে খেলেন বলেই রোনালদো-গুইজাদের চেয়ে পেছনে থেকে তৃতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে হান্টেলারকে। প্রিমিয়ার লিগ ও 'প্রিমেরা লিগা'র চেয়ে ডাচ লিগের অবস্থান যে পেছনেই!
তৃতীয় পর্তুগিজ হিসাবে (অন্য দু জন সাবেক গ্রেট ইউসেবিও ও ফার্নান্দো গোমেজ) গোল্ডেন বুট জিতে নিয়ে রোনালদো দারুণ উচ্ছ্বসিত। ইতালির বিখ্যাত ক্রীড়াদৈনিক 'গাজেত্তা দেল্লো স্পোর্ত'কে দেয়া প্রতিক্রিয়াতে সেই উচ্ছ্বাসই প্রতিফলিত, "গোল্ডেন বুট জয়েই প্রমাণিত আমি কিছুটা হলেও ফুটবলে পরিবর্তন আনতে পেরেছি। সাধারণত স্ট্রাইকাররাই এই পুরস্কার জেতে। অথচ আমি এক জন উইঙ্গার।" তবে শুধু এই ট্রফি পেয়েই সন্তুষ্ট নন রোনালদো। এখন তার দৃষ্টি ফিফা বর্ষসেরা ফুটবলার এবং ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি' অরের দিকে। রোনালদোর দৃঢ় বিশ্বাস এই পুরস্কার দুটোও উঠতে যাচ্ছে তারই হাতে, "অন্য পুরস্কারগুলোর সেরা প্রার্থীর নাম হলো ক্রিস্টিয়ানো রোনালদো! সত্যি বলতে কি, আমার ধারণা গত মৌসুমে আমিই ছিলাম সবচেয়ে ধারাবাহিক ও সেরা। এবং আগামীতে সেরা খেলোয়াড়দের তালিকাতেও আমি নিজের নাম ওঠাতে চাই।"
গত মৌসুমটা দুর্দান্ত কাটলেও এবার একটি ম্যাচেও তিনি মাঠে নামতে পারেননি। জুলাইয়ে ডান গোড়ালিতে অস্ত্রোপচারই তার কারণ। তবে প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার পর একটা আশঙ্কা কিন্তু অস্বস্তিতে ফেলতে পারে রোনালদোকে। দলবদলের সময়টায় ম্যানইউ থেকে তাকে নিয়ে আসার আপ্রাণ চেষ্টা করেছে রিয়াল মাদ্রিদ। সে সময় তিনি নিজেও রিয়ালে খেলার স্বপ্নের কথা একাধিকবার জানিয়েছেন মিডিয়াকে। শেষ পর্যন্ত মূলত ম্যানইউ ম্যানেজার অ্যালেক্স ফার্গুসনের জেদের জন্যই রোনালদোকে দলে টানতে পারেনি রিয়াল। কিন্তু রোনালদোর আকাক্সক্ষাটা 'রেড ডেভিল'দের সমর্থকরা ভালো ভাবে নিতেও পারেনি। সুস্থ হয়ে ফেরার পর তাই ওল্ড ট্র্যাফোর্ডে তার বিরূপ অভ্যর্থনা পাওয়ার আশঙ্কাই বেশি। রোনালদো নিজে অবশ্য এই আশঙ্কাকে পাত্তা দিতে রাজি নন, "(ইউনাইটেডের) জার্সি পরলে আমি নিজের সর্বস্ব উজাড় করে দেই। এবং আমি ইতিমধ্যে ক্লাবের ইতিহাসে জায়গা করেও নিয়েছি। আবার যখন খেলতে নামবো সমর্থকরা তখন আমাকে ভালবাসবেই।"
আরেকটা ব্যাপারেও রোনালদো নিঃসন্দেহ। আবুধাবির ধনকুবের সুলাইমান আল-ফাহিমের অর্থের প্রলোভনে কিছুতেই সাড়া দেবেন না তিনি । তাই ম্যানইউ'র প্রতিবেশী ম্যানচেস্টার সিটিতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই তার বিশ্বাস, "কেউই আমার ভবিষ্যত সম্পর্কে জানে না। তবে নিজেকে ম্যানচেস্টারের আরেকটি দলের জার্সি পরে কিছুতেই দেখতে পাচ্ছি না আমি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৫৫
bdnews24