২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলের কাছে ম্যান ইউর হার, জিতেছে আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের খারাপ সময়কে আরেকটু দীর্ঘায়িত করেছে লিভারপুল। শনিবার অ্যানফিল্ডে 'রেড ডেভিল'দের ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে 'অল রেডস'রা। দিনের অন্য এক ম্যাচে ইমানুয়েল আদেবায়রের হ্যাটট্রিকে আর্সেনাল ৪-০ গোলে হারিয়েছে ব্ল্যাকবার্ন রোভার্সকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2008, 02:07 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, ১৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের খারাপ সময়কে আরেকটু দীর্ঘায়িত করেছে লিভারপুল। শনিবার অ্যানফিল্ডে 'রেড ডেভিল'দের ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে 'অল রেডস'রা। দিনের অন্য এক ম্যাচে ইমানুয়েল আদেবায়রের হ্যাটট্রিকে আর্সেনাল ৪-০ গোলে হারিয়েছে ব্ল্যাকবার্ন রোভার্সকে। নতুন তারকা দিমিতার বার্বাতোভের দারুণ এক পাস থেকে কার্লোস তেভেজের গোলে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে গিয়েছিল ম্যান ইউ। কিন্তু এরপর আর গোলের দেখা পায়নি তারা। বরং তাদের ডিফেন্সের হাস্যকর ভুলে ২৭ মিনিটে ম্যাচে সমতা এনেছে লিভারপুল। ডানপ্রান্ত থেকে জাভি অ্যালোন্সোর নিরীহ শট ম্যান ইউ ডিফেন্ডার প্যাট্রিস এভ্রার পায়ে লেগে গোলের দিকে যাচ্ছিল, গোলরক্ষক এডউইন ফন ডার সার সেটা ঠেকিয়েছেন বটে কিন্তু তার পাঞ্চ করা বলটি আরেক ডিফেন্ডার ওয়েস ব্রাউনের পায়ে লেগে উল্টো ঢুকে গেছে নিজেদেরই জালে। অমীমাংসিত প্রথমার্ধের পর ৭৭ মিনিটে লিভারপুলের দ্বিতীয় গোলটিতেও ম্যান ইউ ডিফেন্সের খানিকটা অবদান আছে। দুজন ডিফেন্ডারের মাঝখান থেকে বল বের করে হাভিয়ের মাসচেরানো এগিয়ে দিয়েছিলেন ডার্ক কিউটের দিকে। এই ডাচ ফরোয়ার্ডের ক্রস থেকে ম্যাচের ভাগ্য নির্ধারণী গোলটি করেছেন বদলি খেলোয়াড় রায়ান ব্যাবেল। এই জয়ের ফলে চার ম্যাচ থেকে লিভারপুলের সংগ্রহ দাঁড়ালো ১০ পয়েন্ট, তিন ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট মাত্র ৪! ম্যান ইউর মতোই আর্সেনালকেও খেলতে হয়েছিল প্রতিপক্ষের মাঠে। কিন্তু তারা শুরু থেকেই ছিল অপ্রতিরোধ্য। ৮ মিনিটে রবিন ফন পার্সির গোলে এগিয়ে যাওয়া দিয়ে শুরু। এরপর প্রথমার্ধের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন আদেবায়র। ৮০ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করার পর নির্ধারিত সময়ের শেষ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেছেন তিনি। চার ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে গানার্সরা আছে দ্বিতীয় স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২২০৫ ঘ.