২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ব্রাজিল স্বস্তিতে, আর্জেন্টিনা চাপে

অলিম্পিক শিরোপা অক্ষুন্ন রাখার সুখস্মৃতি ফিকে হতে না হতেই আর্জেন্টিনার সামনে কঠিন পরীক্ষা। বিশ্বকাপ বাছাইপর্বে টানা চার ম্যাচ জয় না পাওয়া, তেভেজ-মাসকেরানোর সাসপেনশন, এক নম্বর গোলরক্ষক আবোনদানজিয়েরির ইনজুরি --- এ মুহূর্তে আর্জেন্টাইনদের ওপরে রীতিমতো দুঃসংবাদের বোঝা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2008, 04:30 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

বুয়েনস এইরেস, ৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অলিম্পিক শিরোপা অক্ষুন্ন রাখার সুখস্মৃতি ফিকে হতে না হতেই আর্জেন্টিনার সামনে কঠিন পরীক্ষা। বিশ্বকাপ বাছাইপর্বে টানা চার ম্যাচ জয় না পাওয়া, তেভেজ-মাসকেরানোর সাসপেনশন, এক নম্বর গোলরক্ষক আবোনদানজিয়েরির ইনজুরি --- এ মুহূর্তে আর্জেন্টাইনদের ওপরে রীতিমতো দুঃসংবাদের বোঝা। এই বোঝা মাথায় নিয়েই দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পেরুর মুখোমুখি হচ্ছে দু বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পেরুর রাজধানী লিমায় ম্যাচটা শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায়। দু দিন আগে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়েও বেশি চাপের মধ্যে ছিল ব্রাজিল। গত জুনে প্যারাগুয়ের কাছে পরাজয় ও আর্জেন্টিনার সঙ্গে গোলশূন্য ড্র তাদের নামিয়ে দিয়েছিল ষষ্ঠ স্থানে। তবে রোববার চিলির সঙ্গে ৩-০ গোলের জয় এক লাফে দ্বিতীয় স্থানে নিয়ে যাওয়ার পাশাপাশি স্বস্তিও ফিরিয়ে এনেছে ব্রাজিলিয়ান শিবিরে। এই জয়ের আনন্দকে সঙ্গী করেই বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে ঘরের মাঠ রিও ডি জেনিরোতে পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচে থাকা বলিভিয়ার বিপক্ষে খেলবে রেকর্ড পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই রাউন্ডে সবার ওপরে থাকা প্যারাগুয়েরও 'হোম' ম্যাচ। রাজধানী আসুনসিওনে প্যারাগুইয়ানদের প্রতিপক্ষ দক্ষিণ আমেরিকার সবচেয়ে দুর্বল দল হিসাবে পরিচিত ভেনেজুয়েলা। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের বাকি দুই ম্যাচে মন্টিভিডিওতে উরুগুয়ে ইকুয়েডরের এবং সান্টিয়াগোতে চিলি কলম্বিয়ার বিপক্ষে লড়বে। টানা চার ম্যাচ জয়বিহীন থাকলেও শীর্ষে থাকা প্যারাগুয়ের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই আর্জেন্টিনা। সাত রাউন্ডশেষে প্যারাগুয়ের পয়েন্ট ১৪, আর আর্জেন্টিনার ১২। ব্রাজিলের সমান পয়েন্ট হলেও গোল গড়ে পিছিয়ে থাকায় আপাতত আর্জেন্টাইনদের অবস্থান তৃতীয়। আরো এগারো রাউন্ড বাকি থাকায় ম্যারাডোনার দেশের তাই এখনই দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। ১৯৮২- তে সর্বশেষ বিশ্বকাপ খেলা এবং পয়েন্ট টেবিলে নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা পেরুর চ্যালেঞ্জ জয় করাও তাদের জন্য তেমন কঠিন হওয়ার কথা নয়। তারপরও যে আলফিও বাসিলের দল খানিকটা অস্বস্তিতে তার কারণ দু জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সাসপেনশন আর প্রধান গোলরক্ষকের ইনজুরি। অলিম্পিকে ইনজুরিতে পড়ে প্রায় ছয় মাসের জন্য মাঠের বাইরে চলে যাওয়ায় দেশের দ্বিতীয়-সেরা গোলরক্ষক অস্কার উস্তারিকেও তারা পাচ্ছে না। সেই তুলনায় পেরু কিছুটা হলেও স্বস্তিতে। একে তো নিজের দেশে খেলা, তার ওপরে শনিবার ভেনেজুয়েলার বিপক্ষে জয় পাওয়ায় (এবারের প্রতিযোগিতায় এটাই তাদের প্রথম জয়) পেরুভিয়ানদের অনেকখানি উজ্জীবিত থাকার কথা। বাছাইপর্বে আর্জেন্টিনার এমন অস্বস্তিকর অবস্থার জন্য তেভেজ অনেকাংশে দায়ী। শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফরোয়ার্ড লালকার্ড না পেলে কে জানে, হয়তো প্যারাগুয়েকে হারিয়ে শীর্ষে উঠে যেতো তারা। আকাশী-সাদা জার্সি গায়ে তেভেজের এমন 'কীর্তি' অবশ্য নতুন নয়! সর্বশেষ তিন ম্যাচে এটা তার দ্বিতীয় 'মার্চিং অর্ডার'। গত নভেম্বরে কলম্বিয়ার বিপক্ষে বাছাইপর্বেরই এক ম্যাচে লালকার্ড পেয়ে দলের চরম সর্বনাশও করেছিলেন তিনি। ১-০ গোলে এগিয়ে গেলেও তেভেজের লালকার্ডের কারণে দশ জনে পরিণত হওয়া আর্জেন্টিনা ১-২ গোলে হেরে গিয়েছিল সেই ম্যাচে। এবার না হারলেও জিততেও পারেনি তারা। সতীর্থদের আবারো বিপদে ফেলার জন্য তেভেজ অবশ্য ভীষণ অনুতপ্ত। এমনকি নিঃসঙ্কোচে ক্ষমা চাইতেও তিনি ইতস্তত করেননি, "আমি ভীষণ দুঃখিত। কারণ আমি আবারো আমার সতীর্থদের দশ জনে পরিণত করেছি। সতীর্থদের কাছে আমি ক্ষমাও চেয়েছি। যদিও তারা বলেছে যে তার কোনো দরকার নেই। যা করেছি তার কোনো ব্যাখ্যাই খুঁজে পাচ্ছি না। ম্যাচটা বেশ ভালো মতোই এগোচ্ছিল। মনে হচ্ছিল এটা হবে আমারই ম্যাচই।" এমন দুঃসময়ে কোচ বাসিলের সমর্থন পেয়ে কিছুটা হলেও দুঃখটা ভুলতে পারছেন তেভেজ, "মনে হয় আমার ওপরে কোচের পূর্ণ আস্থা আছে। দু জনে যখন কথা বলেছি তখন নিজের অনুভূতির কথা বলে তার কাছে ক্ষমা চেয়েছি আমি। তিনি আমাকে বুঝতে পেরেছেন।" সেদিন ১৬ মিনিটের সময় প্রতিপক্ষের এক জনকে ব্যাক ট্যাকল করে হলুদ কার্ড পেলেও সতর্ক হননি তেভেজ। ৩১ মিনিটে দারিও ভেরনকে ফাউল করে সরাসরি লালকার্ড পেয়েছেন। যদিও তেভেজের মতে প্রথম ফাউলে তার দোষ থাকলেও পরেরটায় তিনি ছিলেন সম্পূর্ণ নির্দোষ, "প্রথম ঘটনায় রেফারি আমাকে মাঠ থেকে বের করে দিলেও দিতে পারতেন। কিন্তু পরেরটায় আমার কোনো দোষ নেই। আসলে প্যারগুইয়ানরা খুব ধূর্ত। আমি বলের দখল হারানোর সঙ্গে সঙ্গে দেখতে পেলাম সে (ভেরন) মাঠের মধ্যে গড়াতে শুরু করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০০০ঘ.