নিউইয়র্ক, ৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- বছরটা কেটেছে ভুলে যাওয়ার মতোই। তবে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে সেই দুঃখ ভোলার একটা সুযোগ এসেছে রজার ফেদেরারের। ক্যারিয়ারের ১৩তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা থেকে এখন মাত্র একটি জয়ের দূরত্বে সদ্য ওয়ার্ল্ড নাম্বার ওয়ানের স্বীকৃতি হারানো এই সুইস টেনিস তারকা।
শনিবার সেমিফাইনালে সার্বিয়ার নোভাক দিউকোভিচকে ৬-৩, ৫-৭, ৭-৫, ৬-২ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন ফেদেরার।
সেখানে তার প্রতিদ্বন্দ্বী কে হবেন সেটা অবশ্য এখনো ঠিক হয়নি। তবে দ্বিতীয় সেমিফাইনালে যে টুকু খেলা হয়েছে, তাতে খুব একটা স্বস্তিতে নেই তার প্রধান প্রতিদ্বন্দ্বী, নতুন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রাফায়েল নাদাল। বৃষ্টির কারণে খেলা থেমে যাওয়ার আগে শেষ হওয়া দুটি সেটেই তাকে হারিয়ে দিয়েছেন ব্রিটেনের অ্যান্ডি মারে। প্রথম দুটি সেটে ৬-২, ৭-৬ (৭/৫) গেমে হেরে যাওয়ার পর তৃতীয় সেটে অবশ্য ৩-২ গেমে এগিয়ে ছিলেন এই স্প্যানিশ।
বৃষ্টির কারণেই শনিবার নির্ধারিত মেয়েদের এককের ফাইনালটি হতে পারেনি। নাদাল-মারে ম্যাচটি শেষ হওয়ার পর রোববার সেটি শুরু হবে সেন্টার কোর্টে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫৪৬ ঘ.
bdnews24