২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ জয় দিয়ে চতুর্থ রাউন্ডে ফেদেরার

প্রথম দুই ম্যাচে জিতলেও রজার ফেদেরারকে ঠিক 'ফেদেরার' বলে মনে হয়নি। ৬৬টা আনফোর্সড এরর করেছিলেন, ২৮টা ব্রেক পয়েন্টের মাত্র ১১টার সদ্ব্যবহারও মোটেও ফেদেরার-সুলভ নয়। তবে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে আগের দুই ম্যাচের 'ব্যর্থতা' ভুলিয়ে দিতে সমস্যা হয়নি তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2008, 12:11 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

নিউইয়র্ক, ১ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম দুই ম্যাচে জিতলেও রজার ফেদেরারকে ঠিক 'ফেদেরার' বলে মনে হয়নি। ৬৬টা আনফোর্সড এরর করেছিলেন, ২৮টা ব্রেক পয়েন্টের মাত্র ১১টার সদ্ব্যবহারও মোটেও ফেদেরার-সুলভ নয়। তবে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে আগের দুই ম্যাচের 'ব্যর্থতা' ভুলিয়ে দিতে সমস্যা হয়নি তার। রোববার টুর্নামেন্টের গত চার বারের চ্যাম্পিয়ন সহজেই ৬-৩, ৬-৩, ৬-২ গেমে হারিয়ে দিয়েছেন চেক প্রজাতন্ত্রের রাদেক স্তেপানেককে। ইউএস ওপেনে ফেদেরারের এটা টানা ৩০তম জয়। রাফায়েল নাদালের কাছে সদ্য র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারানো ফেদেরার সহজেই চতুর্থ রাউন্ড নিশ্চিত করলেও তৃতীয় বাছাই ও এ বছরের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন নোভাক দিউকোভিচকে অনেক ঘাম ঝরিয়ে জিততে হয়েছে। ২৩৪ মিনিট লড়াই করে মারিন সিলিচকে তিনি হারিয়েছেন ৬-৭, ৭-৫, ৬-৪, ৭-৬ গেমে। ম্যাচটা শেষ হয়েছে স্থানীয় সময় রাত ১২টা ৪৮ মিনিটে! এছাড়া তৃতীয় রাউন্ডে জিতে শেষ ষোলতে পা রেখেছেন পঞ্চম নিকোলাই দাভিদেঙ্কো, অষ্টম অ্যান্ডি রডিক ও একাদশ বাছাই ফার্নান্দো গনজালেজ। রোববার মেয়েদের বিভাগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন চার জন। দ্বিতীয় বাছাই ইয়েলেনা ইয়ানকোভিচ প্রথম সেট হেরে গেলেও ৩-৬, ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন ক্যারোলিনা ওজনিয়াচকিকে। অলিম্পিক চ্যাম্পিয়ন ও পঞ্চম বাছাই এলেনা দেমেন্তিয়েভাকে অবশ্য কোনো সেটে হারতে হয়নি। চীনের লি নাকে সরাসরি ৬-৪, ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন তিনি। কোয়ার্টার ফাইনালে ওঠা অন্য দু জন হলেন প্যাটি স্নাইডার ও সিবিল ব্যামার। এর মধ্যে ব্যামার দ্বাদশ বাছাই মারিয়ন বার্তোলিকে বিদায় করে পৌঁছে গেছেন শেষ আটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮০৬ঘ.