ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- লাল কার্ডের সাসপেনশন কাটিয়ে দু' ম্যাচ পর ম্যচে ফিরেছেন আবাহনী অধিনায়ক নজরুল ইসলাম। ফিরেই টাইব্রেকারের শেষ শটটি পোস্টে লাগিয়ে আনন্দে ভাসিয়ে দিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। গ্যালারি মুখরিত হয়ে উঠল ঢোল-বাদ্যের ধ্বনিতে, ধুম পড়ে গেল ফেডারেশন কাপের নবম শিরোপা উদযাপনের। অবিশ্বাস্য এক প্রাপ্তির আনন্দে ভেসে গেলেন মোহামেডানের নতুন কোচ মারুফুল হক।
তরুন এই 'শিক্ষিত' কোচকে অমলেশের আবাহনী দিয়েছে এক দুর্দান্ত উপহার ! যে ম্যাচ নির্ধারিত সময়েই শেষ করতে পারতো আকাশী-হলুদরা, সেই ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর অতিরিক্ত সময় পার করে টাইব্রেকারে গিয়ে ৩-২ গোলে হেরে শিরোপা তুলে দিয়েছে মোহামেডানের হাতে।
সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনাল পার হতে আর বুকোলার দরকার হয়নি মোহামেডানের। দলের অন্তর্দ্বন্দ্ব আর বিতর্কিত একাদশ নির্বাচন করে আবাহনীই নিজেদের পরাজয়ের মঞ্চ তৈরি করে রেখেছে। যে কারণে দ্বিতীয়ার্ধের শুরু থেকে ম্যাচে আধিপত্য করে আগে গোল করেও শেষপর্যন্ত তাদের মাথা হেট করে মাঠ ছাড়তে হয়েছে।
অবশ্য গোলটা তারা আগেই হজম করতে পারতো। যে অধিনায়ককে খেলানো নিয়ে আগেরদিন রাতে বেশ বিতর্ক হয়েছে সেই নজরুলই একটা নিরীহ বল রিসিভ করতে গিয়ে বুকোলার পায়ে তুলে দেন। তখন গোলপোস্টের সামনে শুধুই বিপ্লব, তিনিই পা দিয়ে মোহামেডানের এই নাইজেরিয়ান স্ট্রাইকারের প্লেসিং শট ঠেকিয়ে আবাহনীকে বাঁচিয়েছেন ৪৮ মিনিটে। তার মিনিট ছয়েক পরেই এগিয়ে যায় আবাহনী এমিলির গোলে। ডানদিকে সিরাজীর সঙ্গে আক্রমণে সঙ্গী হয়ে আওদু ইব্রাহিমের চমৎকার এক নীচু ক্রসে এমিলি শুধু পা ছোঁয়ানোর আনুষ্ঠানিকতা সেরে ৫ গোলের মালিক হয়ে গেছেন ফেডারেশন কাপে।
মোহমেডানের রবিনেরও ৫ গোল। কিন্তু ৭০ মিনিটে তার পঞ্চম গোলটা হয়ে গেছে মহামূল্যবান, যেন মোহামেডানের জীবন রক্ষাকারী ওষুধ। তা-ও হয়েছে আবাহনী ডিফেন্ডার মোহাম্মদ সুজনের ভুলে, শোধরানোর জন্য শেষপর্যন্ত চেষ্টা করেও বল ক্লিয়ার করতে পারেননি। তার গায়ে লেগে থেকেও রবিন বলটা নিয়ে দুরন্ত গতিতে ডি-বক্সে ঢুকে পরাস্ত করেছেন আবাহনী গোলরক্ষক বিপ্লবকে।
অথচ এই মোহামেডান প্রায় দাঁড়িয়ে গিয়েছিল গোল খেয়ে। তখনই আরেকটা গোল খাওয়ার মতো উপক্রম হয়েছিল তাদের। ৫৩ মিনিটে ইব্রাহিম দুর্দান্ত এক বল বানিয়ে দিলেও মামুন কাজে লাগাতে পারেননি। হতাশ হয়ে পড়া প্রতিপক্ষের সুযোগও অবশ্য পুরোপুরি নিতে পারেনি আবাহনী। কারণ মাঝমাঠ ক্লান্ত, স্বাভাবিকভাবে আক্রমণের ধারও কমে যায়। অথচ তখন আগের দুটো ম্যাচের দুর্দান্ত পারফরমার জাহেদ পারভেজ এবং মেহেদী উজ্জ্বল বসে আছেন রিজার্ভ বেঞ্চে। আন্তর্জাতিক কোচরা যখন প্রতিপক্ষের দূর্বলতার সুযোগ একাধিক গোল করে আগেভাগেই জয় নিশ্চিত করতে চান তখন আবাহনীর অমলেশ সেনের মতো কোচরা অপেক্ষা করেন গোল শোধের জন্য। সেই গোল শোধ হওয়ার পর অতিরিক্ত সময়ে কোচ গিয়ে জাহেদ পারভেজকে নামিয়েছেন আবুলকে তুলে নিয়ে। শুধু তাই নয়, এই কোচ সেমিফাইনালে ইনজুরিতে পড়া আরিফ খান জয়কে একাদশে রেখে যে ভুল করেছেন তার খেসারত দিতে হয়েছে প্রথমার্ধের মাঝামাঝিতে তাকে তুলে নিতে বাধ্য হয়ে। অর্থাৎ প্রথর্মার্ধেই বদলীর একটা কোটা শেষ করে ফেলেন শুধু খেলোয়াড়ী অভিজ্ঞতা দিয়ে কোচিং চালিয়ে যাওয়া অমলেশ সেন। অন্যদিকে আধুনিক শিক্ষায় শিক্ষিত মোহামেডানের নতুন কোচ মারুফুল হক তার দল নির্বাচনে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। একাদশে রাখেননি জুয়েল রানাকে, তারপর সময়মতো তিনটা বদলীর সিদ্ধান্ত নিয়েও।
তারপরও ম্যাচের আদ্যন্ত বিবেচনা করলে ম্যাড়ম্যাড়ে প্রথমার্ধের পর আবাহনীর আধিপত্য খানিকটা বেশিই ছিল। প্রথমার্ধে সুযোগ বলতে আবাহনীর আবুলের ফ্রি-কিক আমিনুলকে ফাঁকি দিয়ে মোহামেডানের ক্রসবারে গিয়ে লাগে এবং ফিরতি বল এমিলির মাথায় লেগে বাইরে চলে যায়। সেখানে যেমন মোহামেডান ভাগ্যবান তেমনি টাইব্রেকারেও। অবশ্য গোল হজম করে নেতিয়ে পড়া আবাহনী আর চাঙ্গা হয়ে উঠতে পারেনি, তার রেশ পড়েছে টাইব্রেকারে গিয়েও। শুরুতেই এমিলির শট গ্রি"পে নিয়ে আমিনুল হক বুঝিয়ে দিয়েছেন তারা কতোটা চাঙ্গা। তাদের ডামি ইমানুয়েল, মারুফ ও কোমল গোল করেছেন, ক্রসবার উঁিচয়ে মেরেছেন শুধু রজনী। আবাহনীর পক্ষে গোল করেছেন ওয়ালী ফয়সাল ও প্রাণতোষ। কিন্তু মামুন মারেন ক্রসবারের ওপর দিয়ে এবং নজরুল পোস্টে মেরে মোহামেডানের জয় নিশ্চিত করে দেন।
এই টুর্নামেন্ট থেকে আবাহনীর অর্জন শুধুই আওদু ইব্রাহিমের সেরা খেলোয়াড়ের স্বীকৃতিটুকু। মোহামেডান শিরোপার সঙ্গে পেয়েছে দুজন চমৎকার স্ট্রাইকার--- সেরা গোলদাতা বুকোলা ওলালিকান (৮ গোল) এবং ম্যান অব দ্য ফাইনাল রবিন। তাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও সিটিসেল মোবাইল কোম্পানির প্রধান নির্বাহী মাইকেল সিমোর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৫৫ঘ.
bdnews24