২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এগিয়ে চলেছেন নাদাল

অপ্রতিরোধ্য রাফায়েল নাদালের জয়ের ধারা যথারীতি অব্যাহত। এবং তা প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েই। শনিবার ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান' ও শীর্ষ বাছাই নাদাল সহজেই ৬-৪, ৬-৩, ৬-০ গেমে হারিয়েছেন সার্বিয়ার অবাছাই ভিক্টর ট্রইচকিকে। এ বছর ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন চ্যাম্পিয়ন এবং বেইজিং অলিম্পিকে সোনা জয়ী নাদালের গত ৪২ ম্যাচে এটা ৪১তম জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2008, 12:06 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

নিউইয়র্ক, ৩১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অপ্রতিরোধ্য রাফায়েল নাদালের জয়ের ধারা যথারীতি অব্যাহত। এবং তা প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েই। শনিবার ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান' ও শীর্ষ বাছাই নাদাল সহজেই ৬-৪, ৬-৩, ৬-০ গেমে হারিয়েছেন সার্বিয়ার অবাছাই ভিক্টর ট্রইচকিকে। এ বছর ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন চ্যাম্পিয়ন এবং বেইজিং অলিম্পিকে সোনা জয়ী নাদালের গত ৪২ ম্যাচে এটা ৪১তম জয়। আগের দু দিন শীর্ষ বাছাই আনা ইভানোভিচ ও তৃতীয় বাছাই স্ভেৎলানা কুজনেৎসোভা বিদায় নিলেও শনিবার মেয়েদের এককে বড় কোনো অঘটনের জন্ম হয়নি। দুই বোন ভেনাস ও সেরেনা উইলিয়ামস তাদের দুই প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি। উইম্বলডন চ্যাম্পিয়ন ও সপ্তম বাছাই ভেনাস ইউক্রেনের আলোনা বনদারেঙ্কোকে হারিয়েছেন ৬-২, ৬-১ গেমে। কাকতালীয়ভাবে তৃতীয় রাউন্ডে জাপানের আই সুগিয়ামার বিপক্ষে চতুর্থ বাছাই সেরেনার ম্যাচের স্কোরলাইনও একই! চতুর্থ রাউন্ডের বাধা পেরোতে পারলে কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যাবে ভেনাস ও সেরেনার। শনিবার ষষ্ঠ বাছাই দিনারা সাফিনাও জয় দিয়ে পা রেখেছেন চতুর্থ রাউন্ডে। জিতেছেন অ্যামেলি মরেসমোও। সাবেক 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান' জিতেছেন স্বদেশী জুলি কয়েনের বিপক্ষে। আগের রাউন্ডেই র‌্যাংকিংয়ে ১৮৮তম স্থানে থাকা ফ্রান্সের কয়েন ইভানোভিচকে হারিয়ে জন্ম দিয়েছিলেন এবারের ইউএস ওপেনের সবচেয়ে বড় অঘটনের। মেয়েদের বিভাগে ফেভারিটরা জয় পেলেও ছেলেদের বিভাগে একাধিক অঘটনের জন্ম হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় অঘটন নিঃসন্দেহে চতুর্থ বাছাই ডেভিড ফেরারের বিদায়। জাপানের কেই নিশিকোরি তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৬-৪, ৬-৪, ৩-৬, ২-৬, ৭-৫ গেমে তাকে হারিয়ে ঢুকে গেছেন ইতিহাসের পাতায়। ১৮ বছর বয়সী নিশিকোরিই প্রথম জাপানি, যিনি ইউএস ওপেনের পুরুষ এককের শেষ ষোলতে অর্থাৎ চতুর্থ রাউন্ডে পৌঁছালেন। নিশিকোরির মতো মার্ডি ফিশ, গেল মনফিল্স আর স্যাম কুয়েরিও শনিবার চমকে দিয়েছেন ফ্লাশিং মিডৌকে। মনফিল্স সপ্তম বাছাই ডেভিড ন্যালবান্ডিয়ান, ফিশ নবম বাছাই জেমস ব্লেক এবং কুয়েরি চতুর্দশ বাছাই ইভো কার্লোভিচকে তৃতীয় রাউন্ডেই বিদায় করে দিয়েছেন বছরের শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮০১ঘ.