২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যানইউকে হারিয়ে জেনিতের ইউরোপিয়ান সুপার কাপ জয়

ক্রিস্টিয়ানো রোনালদো এখনো গোড়ালির অস্ত্রোপচারের ধকল কাটিয়ে সুস্থ হয়ে উঠতে পারেননি। ইংলিশ প্রিমিয়ার ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম রূপকারের অনুপস্থিতিতে ম্যানচেস্টার ইউনাইটেডও পারেনি মোনাকোর লুই দ্বিতীয় স্টেডিয়ামে জ্বলে উঠতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2008, 10:33 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

মোনাকো, ৩০ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্রিস্টিয়ানো রোনালদো এখনো গোড়ালির অস্ত্রোপচারের ধকল কাটিয়ে সুস্থ হয়ে উঠতে পারেননি। ইংলিশ প্রিমিয়ার ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম রূপকারের অনুপস্থিতিতে ম্যানচেস্টার ইউনাইটেডও পারেনি মোনাকোর লুই দ্বিতীয় স্টেডিয়ামে জ্বলে উঠতে। ফলাফল উয়েফা কাপ চ্যাম্পিয়ন জেনিত সেন্ট পিটার্সবার্গের কাছে পরাজয়। শুক্রবার গত মৌসুমের 'ডাবল' জয়ী ম্যানইউকে ২-১ গোলে হারিয়ে ইউরোপিয়ান সুপার কাপ জিতে নিয়েছে জেনিত। ইউরোপিয়ান সুপার কাপে কোনো রুশ ক্লাবের এটাই প্রথম সাফল্য। চ্যাম্পিয়ন্স লিগ ও উয়েফা কাপ বিজয়ীদের লড়াইয়ে জেনিতের কাছে বলতে গেলে পাত্তাই পায়নি ম্যানইউ। গোলের সুযোগ সৃষ্টির পাশাপাশি ম্যাচের নিয়ন্ত্রণেও আধিপত্য ছিল জেনিতের। ম্যাচের প্রথম সুযোগটাও রুশ চ্যাম্পিয়নদের। কিন্তু আলেজান্দ্রো ডমিনগুয়েজের দুর্দান্ত এক ফ্রিকিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর পোস্টের অনেক ওপর দিয়ে মেরে সুযোগটা নষ্ট করেছেন পাভেল পোগ্রেবনিয়াক। বিরতির এক মিনিট আগে অবশ্য এই পোগ্রেবনিয়াকই হতাশা দূর করেছেন জেনিতের। ইগর দেনিসভের ফ্লিক থেকে হেড করে দলকে এগিয়ে দিয়েছেন তিনি। 'ইউরো ২০০৮'এ দুর্দান্ত খেলা আন্দ্রেই আরশাভিন প্রথমার্ধে খেলেননি। তবে বিরতির পর মাঠে নেমে ঔজ্জ্বল্য ছড়িয়ে ম্যাচে জেনিতের নিয়ন্ত্রণ সুসংহত করতে দারুণ সাহায্য করেছেন তিনি। দলের দ্বিতীয় গোলে অবশ্য আরশাভিনের কোনো কৃতিত্ব নেই। কৃতিত্বটা পুরোপুরি নবাগত ড্যানির। এই সপ্তাহেই ডায়নামো মস্কো থেকে তিন কোটি ইউরোতে (যা জেনিথের রেকর্ড ট্রান্সফার ফি) যোগ দেয়া ড্যানি ৫৯ মিনিটে একক প্রচেষ্টায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেছেন। ০-২ গোলে পিছিয়ে পড়ার পর 'রেড ডেভিল'রা আর পেরে ওঠেনি উজ্জীবিত রুশ প্রতিপক্ষের সঙ্গে। ৮৩ মিনিটে অবশ্য ডিফেন্ডার নেমানিয়া ভিদিচ এক গোল ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু ম্যাচে আর ফিরতে পারেনি তারা। বরং শেষ মুহূর্তে হ্যান্ডবল করে দ্বিতীয় হলুদ অর্থাৎ লালকার্ড দেখে বেরিয়ে গিয়ে ইংলিশ চ্যাম্পিয়নদের আরো বেশি লজ্জায় ফেলেছেন পল স্কলস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬২৬ঘ.