২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুকোলা সেমিফাইনালে নিয়ে গেলেন মোহামেডানকে

বুকোলার কাঁধে চেপে সেমিফাইনালে পৌঁছে গেল মোহামেডান। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে তার দুই গোলে মোহামেডান ২-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধাকে। আগামী ৩০ আগস্ট তারা দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বিকেএসপি-চট্টগ্রাম মোহামেডান ম্যাচের বিজয়ীর সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2008, 04:28 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বুকোলার কাঁধে চেপে সেমিফাইনালে পৌঁছে গেল মোহামেডান। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে তার দুই গোলে মোহামেডান ২-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধাকে। আগামী ৩০ আগস্ট তারা দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বিকেএসপি-চট্টগ্রাম মোহামেডান ম্যাচের বিজয়ীর সঙ্গে। অথচ সিটিসেল ফেডারেশন কাপের শুরুতে মোহামেডানের বড় দুশ্চিন্তার বিষয় ছিল গোল। প্রথম ম্যাচে পার পেয়ে গিয়েছিল শেষ মুহূর্তে রবিনের করা গোলে। দ্বিতীয় ম্যাচেও তাই। কিন্তু এখন তারা গোল করার লোক পেয়ে গেছে। এই ত্রাণকর্তার নাম বুকোলা ওলালিখন। রহমতগঞ্জের বিপক্ষে ঢাকা মাঠে অভিষেক ম্যাচে এই নাইজেরিয়ান ইনজুরি টাইমে পেনাল্টিসহ দুই গোল করে সাদা-কালোদের জয় উপহার দেন। তারপর আর দুশ্চিন্তা করতে হয়নি মোহামেডানকে, পরের ম্যাচে আরামবাগের বিপক্ষে হ্যাটট্রিক করার পর কোয়ার্টার ফাইনালে দুই গোল করে তিনি একাই টেনে নিয়ে যাচ্ছেন মোহামেডানের বিজয়-রথ। মাত্র তিন ম্যাচে ৭ গোল করে বুকোলাই এখন ঢাকা মাঠের বড় তারকা! অন্তত এই টুর্নামেন্টে এরকম সফল স্ট্রাইকার আর দেখা যায়নি। গত কয়েক বছরেও এরকম গোল মেশিন দেখা যায়নি। মঙ্গলবার মুক্তিযোদ্ধার বিপক্ষে ৮ মিনিটের মাথায় তিনি গোল উপহার দেন দলকে। ডানদিক থেকে পাঠানো রবিনের ক্রসে ভলিতে পরাস্ত করেন মুক্তিযোদ্ধা গোলরক্ষক নিজাম মজুমদারকে। গোলটি মিনিট চারেক আগেও হতে পারতো, তখন নাসিরের ক্রসে তার সাইডভলিটি পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। কিন্তু ২১ মিনিটে আর কোনো ভুল হয়নি, ঠাণ্ডা মাথায় বল জালে পাঠিয়ে তিনি প্রায় নিশ্চিত করে ফেলেন মোহামেডানের জয়। মিশরীয় হাজেম খালেদের বানিয়ে দেওয়া বলে গোলরক্ষকের অবস্থান দেখে কাছের পোস্টে প্লেসিং করেন বুদ্ধিমত্তার সঙ্গে। প্রথমার্ধে দুই গোল পাওয়া মোহামেডান যেন ঝিমিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে। তখনই নিজেদের ম্যাচে ফেরানোর মিশন জোরদার করে মুক্তিযোদ্ধা। আক্রমনের স্্েরাত বইয়ে দিয়ে তারা মোহামেডানের গোলমুখে এমন আতংক ছড়িয়ে দিয়েছিল যে গোল পেতে পারত যে কোনো সময়। হয়নি তাজুল আর নোয়াকামার শট বার বার লক্ষ্যভ্রষ্ট হওয়ায়। শুধু ৬৩ থেকে ৬৯ মিনিটেই তাদের চার-চারটি শট গোলপোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। তারপর ৮৯ মিনিটে তাজুল যে শটটি পোস্টে রাখতে পারলেন সেটা কোনোরকমে বাঁচিয়ে দেন তাজুল। পরের মিনিটেই এই মোহামেডান গোলরক্ষক আরেকটি দুর্দান্ত সেভ করলেন, এবারের শটটা ছিল নোয়াকামার। নিজেদের ব্যর্থতা এবং আমিনুলের দুর্দান্ত সেভ মুক্তিযোদ্ধাকে আর ম্যাচে ফিরতে দেয়নি। ফিরলেও অবশ্য ত্রাণকর্তা বুকোলা ছিলেন। যে কোনো সময় গোল করে ম্যাচের ভাগ্য বদলে দেয়ার ক্ষমতার প্রমাণ তো তিনি ইতিমধ্যেই দিয়ে ফেলেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২২৫ঘ.