২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার বোল্ট, আবার বিশ্বরেকর্ড

বেইজিং অলিম্পিকে উসাইন বোল্টের সমার্থক শব্দ বোধহয় বিশ্ব রেকর্ড! ১০০ ও ২০০ মিটার সিপ্রন্টের পর ৪ x ১০০ মিটার রিলের সোনাও বিশ্ব রেকর্ড গড়ে জিতে নেয়ায় এমন কথা বলাই যায় এখন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2008, 04:27 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

বেইজিং, ২২ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেইজিং অলিম্পিকে উসাইন বোল্টের সমার্থক শব্দ বোধহয় বিশ্ব রেকর্ড! ১০০ ও ২০০ মিটার সিপ্রন্টের পর ৪ x ১০০ মিটার রিলের সোনাও বিশ্ব রেকর্ড গড়ে জিতে নেয়ায় এমন কথা বলাই যায় এখন। শুক্রবার বোল্টের দেশ জ্যামাইকা ছেলেদের রিলেতে সবাইকে পেছনে ফেললেও মেয়েরা অপ্রত্যাশিতভাবে ব্যর্থ। মেয়েদের ৪ x ১০০ মিটার রিলেতে জ্যামাইকার ব্যাটন ফেলে দেয়ার সুযোগ কাজে লাগিয়ে শিরোপা জিতে নিয়েছে রাশিয়া। ৪০০ মিটার রিলের আগের রেকর্ডটা গড়েছিল যুক্তরাষ্ট্র, '৯৩এর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৩৭.৪০ সেকেন্ডে। শুক্রবার তার থেকে দশমিক তিন শূন্য সেকেন্ড মুছে দিয়ে অর্থাৎ ৩৭.১০ সেকেন্ডের নতুন রেকর্ড গড়ে অবিশ্বাস্য এক কীর্তির জন্ম দিলেন বোল্ট ও তার সতীর্থরা। কীর্তিটা অবশ্য বোল্টেরই প্রাপ্য। বিশ্বের দ্রুততম মানব এবারের অলিম্পিকে যে তিনটি ইভেন্টে অংশ নিয়েছেন তার সবগুলোতেই হয়েছে নতুন বিশ্ব রেকর্ড। ৯.৬৯ সেকেন্ডে ১০০ মিটার, ১৯.৩০ সেকেন্ডে ২০০ মিটারের পর শুক্রবার আরেকটা বিস্ময়ের জন্ম দিয়ে বোল্ট নিজেকে পৌঁছে দিলেন সর্বকালের সেরা অ্যাথলেটদের সারিতে। রিলেতে অবশ্য তিনি সবার শেষে দৌড়াননি। জ্যামাইকার হয়ে শুরু করেছেন নেস্টা কার্টার। কার্টারের পর মাইকেল ফ্রেটারের হাত ঘুরে ব্যাটন আসে তৃতীয় লেগে থাকা বোল্টের হাতে। 'লাইটনিং বোল্টে'র বুলেট গতির দৌড়েই আসলে নিশ্চিত হয়ে যায় অ্যাথলেটিক্স ট্র্যাকে জ্যামাইকার আরেকটি সাফল্য। শেষ লেগে থাকা আসাফা পাওয়েলকে বোল্ট যখন ব্যাটন দিলেন তখন জ্যামাইকার ধারে-কাছেও কেউ নেই। তিন মাস আগে বোল্টের কাছেই ১০০ মিটারের রেকর্ড হারানো পাওয়েল প্রাণপনে দৌড়ে সোনা জেতার পাশাপাশি নিশ্চিত করেছেন ৪০০ মিটার রিলের ১৫ বছরের পুরনো রেকর্ড ভেঙ্গে দেয়াও। যে কৃতিত্বে বোল্টের উচ্ছ্বাস ভরা মন্তব্য,"আমি সতীর্থদের বলেছিলাম আমরা এটা (রেকর্ডটা) ভাঙ্গতে পারবো কি না। তারা বলেছে, 'হ্যাঁ, আমরা এটা করার জন্যই নামছি। আমরা দারুণ খুশি আর কৃতজ্ঞ। কারণ আমরা এর জন্য কঠোর পরিশ্রম করেছি। নিজের অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। অসাধারণ এক অনুভূতি।" এই ইভেন্টে রূপা জিতেছে ত্রিনিদাদ ও টোবাগো, ব্রোঞ্জ জাপানের। ছেলেদের মতো মেয়েদের ৪০০ মিটার রিলেতেও ফেভারিট ছিল জ্যামাইকা। কিন্তু বেইজিংয়ে ১০০ মিটারে চ্যাম্পিয়ন শেলি-অ্যান ফ্রেজার ও ২০০ মিটার বিজয়ী ভেরোনিকা ক্যাম্পবেল-ব্রাউনকে নিয়েও কোনো লাভ হয়নি তাদের। দোষটা অবশ্য দু জনের কারো নয়। ফ্রেজার ভালো ভাবেই শুরু করে ব্যাটন তুলে দিয়েছিলেন শেরন সিম্পসনের হাতে। কিন্তু শেরনের থেকে কেরন স্টুয়ার্ট ব্যাটন নিতে গিয়েই বিপত্তি। স্টুয়ার্টের হাত থেকে ব্যাটন পড়ে যাওয়ায় ডিসকোয়ালিফায়েড হয়ে যায় জ্যামাইকা। সেই সুযোগে এথেন্সে রূপা জয়ী রাশিয়া ৪২.৩১ সেকেন্ডে জিতে নিয়েছে সোনা। রূপা ও ব্রোঞ্জ পেয়েছে বেলজিয়াম ও নাইজেরিয়ার মেয়েরা। বোল্টের মতো ইথিওপিয়ার তিরুনেশ দিবাবার মনেও বেইজিং অলিম্পিক চিরস্মরণীয় হয়ে থাকবে। মেয়েদের ১০ হাজার মিটারের সোনা জিতেছিলেন আগেই। শুক্রবার ৫ হাজার মিটারেও তিনি বিজয়ী। এক অলিম্পিকে মেয়েদের দূরপাল্লার দৌড়ে 'ডাবল' জয়ের এটাই প্রথম কৃতিত্ব। আগের দিন ছেলে ও মেয়েদের রিলের দুটোতেই ব্যাটন ফেলে ডিসকোয়ালিফাইড হওয়া যুক্তরাষ্ট্রকে কিছুটা হলেও সান্ত্বনা দিতে পেরেছেন ব্রায়ান ক্লে। ছেলেদের ডেকাথলনে সোনা জিতেছেন তিনি। শুক্রবার অ্যাথলেটিক্সের বাকি তিন ইভেন্ট মেয়েদের লংজাম্পে ব্রাজিলের মাউরেন হিগা ম্যাগি এবং ছেলেদের পোল ভল্টে অস্ট্রেলিয়ার স্টিভ হুকার ও ৫০ কিলোমিটার হাঁটায় সোনা জিতেছেন ইতালির অ্যালেক্স শোয়াজার। ৪৭টি সোনা নিয়ে যথারীতি শীর্ষে থাকা স্বাগতিকরা শুক্রবার মেয়েদের টেবিল টেনিস এককের তিনটি পদকই জিতে নিয়েছে। ফাইনালে ওয়াং ন্যানকে হারিয়ে সোনা জিতেছেন ঝ্যাং ইনিং। গুয়ো ইউও ব্রোঞ্জ পাওয়ায় 'ক্লিন সুইপ'ই করেছে 'টেবিল টেনিসের দেশ'। মেয়েদের হকিতে অবশ্য স্বাগতিকরা বিজয়োৎসব করতে পারেনি। চীনকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বিশ্ব চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। ব্রোঞ্জ পেয়েছে আর্জেন্টিনার মেয়েরা। চীনের কাছে অলিম্পিকের শীর্ষস্থান হারানো নিশ্চিত করা মার্কিনিরা খানিকটা সান্ত্বনা পেতে পারে বিচ ভলিবলের সাফল্য দিয়ে। মেয়েদের পর ছেলেদের বিচ ভলিবলের সোনাও উঠেছে যুক্তরাষ্ট্রের ঘরে। ভারতের জন্য দারুণ কেটেছে দিনটা। বক্সিংয়ের ৭৫ কেজি ওজন শ্রেণীতে ভারতীয়দের ব্রোঞ্জ উপহার দিয়েছেন বিজেন্দর কুমার। ছেলেদের ফুটবলে বেলজিয়ামকে হারিয়ে ব্রাজিলও পেয়েছে ব্রোঞ্জ। তবে এবারো অলিম্পিক সোনা অধরা থেকে যাওয়ায় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা মনে হয় না এই অর্জনে তেমন খুশি! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২২২০ঘ.