বেইজিং, ১৯ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্জেন্টিনা ৩ - ব্রাজিল ০! স্কোরলাইনের মধ্যেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের চিত্র প্রতিফলিত। লড়াই আসলে হয়ইনি। অলিম্পিক ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে ব্রাজিলকে আক্ষরিকভাবে বিধ্বস্ত করে শিরোপা ধরে রাখার শেষ প্রান্তে পৌঁছে গেছে আর্জেন্টিনা। সার্জিও অ্যাগুয়েরো করেছেন দুই গোল। পেনাল্টি থেকে আসা অন্য গোলটা হুয়ান রিকুয়েলমের। আর তিনটা গোলেরই নেপথ্য কারিগরের নাম লিওনেল মেসি।
বর্তমান সময়ে ফুটবলের সবচেয়ে বড় দুই তারকা লিওনেল মেসি ও রোনালদিনিয়োর মুখোমুখি লড়াই ম্যাচটাতে এনে দিয়েছিল বাড়তি উত্তেজনা। সেই লড়াইয়ে মেসির কাছে বলতে গেলে পাত্তাই পাননি দু বারের ফিফা বর্ষসেরা ফুটবলার। আর্জেন্টিনার মতো পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছেন মেসি। প্রতিপক্ষের রক্ষণভাগে ভীতি ছড়িয়ে দলের জয়ের পথ প্রশস্ত করার কৃতিত্ব তারই। তিন গোলের দুটোর নেপথ্য রূপকারও তিনি।
মঙ্গলবার বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে ৫৩ হাজার গ্যালারি ভরা দর্শকের মাঝে উপস্থিত ছিলেন ম্যারাডোনাও। '৮৬ বিশ্বকাপ জয়ের নায়ককে কাছে পাওয়াই বোধহয় উজ্জীবিত করে তুলেছে আর্জেন্টাইনদের। ম্যাচের প্রথম সুযোগটা অবশ্য ব্রাজিলের। একাদশ মিনিটে ডান দিক থেকে রাফিনহার ক্রস কাউকে খুঁজে না পাওয়ায় ব্রাজিল গোলের দেখা পায়নি। পরের মিনিটে মেসির পাস ধরে অ্যাগুয়েরো মেরেছেন সাইড বারের বাইরে।
এর পর থেকেই ম্যাচের লাগাম আস্তে-আস্তে তুলে নিয়েছে আর্জেন্টিনা। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় প্রথমার্ধে তারা গোল করতে পারেনি। ৩২ মিনিটে রিকুয়েলমের ফ্রিকিক থেকে মেসির তৈরি করে দেয়া সুযোগ নষ্ট করেছেন অ্যাগুয়েরো। বিরতির মিনিট চারেক আগে আবার দু বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সুযোগের অপচয়। চোখধাঁধানো ড্রিবলে তিন জনকে ছিটকে দিয়েও মেসি মেরেছেন ব্রাজিলের গোলরক্ষকের গায়ে। প্রথমার্ধ তাই শেষ হয়েছে গোলশূন্যভাবে।
তবে দ্বিতীয়ার্ধে গোল না পাওয়ার হতাশা দূর হতে সময় লাগেনি আর্জেন্টিনার। ৫২ মিনিটে মেসির পাস বাঁ দিকে খুঁজে পায় অ্যাঞ্জেলো ডি মারিয়াকে। ডি মারিয়ার ক্রস অ্যাগুয়েরোর গায়ে লেগে ঢুকে যায় জালে (১-০)। এগিয়ে যাওয়ার আনন্দ উপভোগ করতে করতেই আবার গোল! ৬ মিনিট পর মেসি কয়েক জনকে কাটিয়ে বল বাড়ান এজেকুয়েল গ্যারের উদ্দেশে। গ্যারের পাস থেকে আবারো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাগুয়েরো।
০-২ গোলে পিছিয়ে পড়ার পর ব্রাজিল ম্যাচে ফেরার চেষ্টা করেছে। সুযোগও তৈরি করেছে কয়েকটা। কিন্তু দুর্ভাগ্য সঙ্গী হওয়ায় তারা গোলের দেখা পায়নি। ৬০ মিনিটে রাফায়েল সবিসের শট পোস্টে লেগেছে। ৫ মিনিট পর রোনালদিনিয়োর ফ্রিকিক আবারো ধাক্কা খেয়েছে পোস্টে। ফিরে আসা বল বদলি হিসাবে নামা আলেক্সান্দার পাতো জালে ঠেললেও রেফারি অফসাইডের কারণে বাতিল করে দেন গোলটা।
ব্রাজিলের ম্যাচে ফেরার সব অনুপ্রেরণা শেষ হয়ে গেছে ৭৬ মিনিটের সময়। বক্সের বাইরে থেকে অ্যাগুয়েরোকে উদ্দেশ্য করে দারুণ একটা থ্রু বাড়িয়েচিলেন মেসি, অ্যাগুয়েরো সেটা ধরে বেরিয়ে যাওয়ার মুহূর্তে ব্রেনো ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। রিকুয়েলমে সুযোগটার সদ্ব্যবহার করে দলকে এনে দিয়েছেন ৩-০ গোলের আনন্দদায়ী লিড। ব্রাজিলের ব্যর্থতার ষোলকলা পূর্ণ হয়েছে লুকাস ও থিয়াগো নেভিসের লালকার্ডের মাধ্যমে। ৮১ মিনিটে লিভারপুল সতীর্থ হাভিয়ের মাসকেরানোকে ব্যাক ট্যাকল করে মার্চিং অর্ডার পান লুকাস। তিন মিনিট পর মাসকেরানোকেই ফাউল করার মাশুল দিয়ে মাঠ ছেড়ে চলে যেতে হয় দ্বিতীয়ার্ধে বদলি হিসাবে নামা নেভিসকে।
প্রায় তিন বছর আগে, গত বিশ্বকাপের বাছাইপর্বের একটি ম্যাচে ব্রাজিলকে ৩-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এর পর চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে টানা তিন ম্যাচে হেরেছে তারা। যার মধ্যে কোপা আমেরিকার ফাইনাল ও বিশ্বকাপশেষে লন্ডনে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে তারা হার মেনেছিল ০-৩ গোলে। মঙ্গলবার একই ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে সেই তিনটি পরাজয়ের প্রতিশোধ নিলো আর্জেন্টিনা। তবে এখনো তাদের প্রতিশোধ নেয়ার 'মিশন' শেষ হয়ে যায়নি। শনিবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ নাইজেরিয়া। এক যুগ আগে আটলান্টা অলিম্পিকের ফাইনালে আফ্রিকার 'সুপার ঈগল'দের কাছে হেরে যাওয়ায় এবারের ফাইনাল আর্জেন্টিনার সামনে এনে দিয়েছে আরেকটি প্রতিশোধের সুযোগ!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২২১০ঘ.
bdnews24