বেইজিং, ১৮ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অলিম্পিকে মেয়েদের ফুটবলের ফাইনালে উঠেছে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র। সোমবার প্রথম সেমিফাইনালে ব্রাজিল ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে জার্মানিকে। পরের সেমিফাইনালে যুক্তরাষ্ট্র ৪-২ গোলে জিতেছে জাপানের বিপক্ষে।
জার্মানির সঙ্গে শুরুতে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। ১০ মিনিটে বির্জিত প্রিঞ্জের সেই গোল বিরতির মিনিট দুয়েক আগে শোধ করে দেন ফরমিগা। বিরতির পর ব্রাজিলিয়ান মেয়েদের আক্রমণাত্মক ফুটবলের সামনে দাঁড়াতেই পারেনি জার্মানি। ক্রিস্টিয়ানে দুটো এবং মার্তা এক গোল করে নিশ্চিত করেন দলের জয়।
জাপানের বিপক্ষে যুক্তরাষ্ট্রও গোল খেয়েছে প্রথমে। তবে ১৫ মিনিটে ওনো জাপানকে এগিয়ে দিলেও হাকলস ও চালুপনির লক্ষ্যভেদে বিরতির সময় ২-১ গোলের লিড নিয়ে নেয় মার্কিন মেয়েরা। আর বিরতির পর হাকলসের আরেকটি এবং ও'রিলির গোল ফাইনালে পৌঁছানো নিশ্চিত করে দেয় তাদের। ইনজুরি সময়ে আরাকাওয়া একটি গোল ফিরিয়ে দিলেও তাতে কোনো লাভ হয়নি জাপানের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১৫৭ঘ.
bdnews24