বেইজিং, ১৬ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এককের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন রজার ফেদেরার। শনিবার সেই দু:খ কিছুটা হলেও ভুলেছেন সুইজারল্যান্ডের এই টেনিস তারকা। স্তানিস্লাস ওয়াওরিঙ্কাকে সঙ্গে নিয়ে দ্বৈতের সোনা জিতেছেন তিনি।
অন্য দিকে মেয়েদের দ্বৈতে সোনা জয়ের আশা এখনো ধরে রেখেছেন উইলিয়ামস বোনেরা। শনিবার মেয়েদের টেনিস দ্বৈতের সেমিফাইনালে তারা হারিয়েছেন ইউক্রেনের অ্যালোনা ও কাতেরিনা বন্দেরাঙ্কো বোনদের ৬-৪, ৪-৬, ৬-১ গেমে হারিয়েছেন।
শনিবারের ফাইনালে ফেদেরার ও ওয়াওরিঙ্কা সুইডেনের টমাস ইয়োহানসেন ও সাইমন অ্যাসপেলিনকে হারিয়েছেন ৬-৩, ৬-৪, ৬-৭ (৪), ৬-৩ গেমে।
এদিকে টেনিসের পুরুষ এককে সার্বিয়ার নোভাক দিউকোভিচ এবং দ্বৈতে যুক্তরাষ্ট্রের বব ও মাইক ব্রায়ান জুটি জিতেছেন ব্রোঞ্জ পদক।
শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দিউকোভিচ যুক্তরাষ্ট্রের জেমস ব্লেককে ৬-৩, ৭-৬ গেমে এবং ব্রায়ান ভাইরা ফ্রান্সের আর্নড ক্লেমেন্ত ও মাইকেল লরডা জুটিকে ৩-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন।
রোববার পুরুষ এককের ফাইনালে স্পেনের রাফায়েল নাদাল ও চিলির ফার্নান্দো গনজালেস এবং মেয়েদের এককের ফাইনালে রাশিয়ার এলেনা দেমেন্তিয়েভা ও দিনারা সাফিনা মুখোমুখি হবেন।
মেয়েদের দ্বৈতের ফাইনালে স্পেনের ভার্জিনিয়া রুয়ানো পাসকুয়াল ও অ্যানাবেল মেদিনা গ্যারিগস জুটির মুখোমুখি হবেন উইলিয়ামস বোনেরা। শনিবার অন্য সেমিফাইনালে পাসকুয়াল ও গ্যারিগস চীনের চাই ইয়ান ও জিয়ে ঝেং জুটিকে হারিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১৩৬ ঘ.
bdnews24