২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলের সেমিফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

লড়াইটা ফাইনালে হলেই মানাতো। সেখানে না হোক, অলিম্পিক ফুটবলের সেমিফাইনালে ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে দারুণ একটা লড়াই শেষ পর্যন্ত হচ্ছেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2008, 03:44 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

বেইজিং, ১৬ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লড়াইটা ফাইনালে হলেই মানাতো। সেখানে না হোক, অলিম্পিক ফুটবলের সেমিফাইনালে ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে দারুণ একটা লড়াই শেষ পর্যন্ত হচ্ছেই। শনিবার কোয়ার্টার ফাইনালে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা ক্যামেরুনকে ২-০ গোলে হারিয়ে একটা প্রতিশোধ নিয়েছে। আট বছর আগে সিডনি অলিম্পিকে এই কোয়ার্টার ফাইনালেই ক্যামেরুনের কাছে হেরেছিল তারা। আর অন্য একটি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ২-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডসকে। কাকতালীয়ভাবে দুুটি খেলাই মীমাংসিত হয়েছে অতিরিক্ত সময়ে। মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে বিশ্ব ফুটবলের এই দুই পরাশক্তির দেখা হবে। এর আগে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বেলজিয়াম আর নাইজেরিয়া। শনিবার কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম ৩-২ গোলে ইতালিকে আর নাইজেরিয়া ২-০ গোলে আইভরিকোস্টকে হারিয়েছে। 'অদম্য সিংহ' ক্যামেরুনের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিট লক্ষ্যভেদ করতে পারেনি ব্রাজিল। তবে ১০১ মিনিটে রাফায়েল সবিস ও তার চার মিনিট পর মার্সেলো গোল করে দুশ্চিন্তা দূর করার পাশাপাশি এক যুগ পর অলিম্পিক ফুটবলের সেমিফাইনালে ওঠা নিশ্চিত করেন ডুঙ্গার দলের। ৫১ মিনিটে বেনিং অ্যালবার্ট দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় বাকি সময়টা ১০ জন নিয়ে খেলতে হয়েছে সিডনি অলিম্পিক চ্যাম্পিয়ন ক্যামেরুনকে। প্রথম সোনা জয়ের মিশন নিয়ে বেইজিংয়ে পা রাখা ব্রাজিল সুযোগটা কাজে লাগিয়ে নির্ধারিত সময়ে গোল করতে পারেনি। তবে অতিরিক্ত সময়ে তাদের সঙ্গে পেরে ওঠেনি ক্যামেরুন। পুরো ম্যাচেই ছিল ফাউলের ছড়াছড়ি। যে কারণে ঐ লাল কার্ড ছাড়াও ক্যামেরুনের সাত ও ব্রাজিলের পাঁচ জনকে দেখতে হয়েছে হলুদ কার্ড। নেদারল্যান্ডসের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচটি নির্ধারিত সময়ে অমীমাংসিত ছিল ১-১ গোলে। ১৪ মিনিটে তারকা স্ট্রাইকার লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও ওটম্যান ব্যাক্কালের গোলে সমতা ফেরায় ডাচরা। অতিরিক্ত সময়ে, ১০৫ মিনিটে অ্যানজেল ডি মারিয়ার গোলে শেষ পর্যন্ত জিতেছে আর্জেন্টাইনরা। বেলজিয়াম-ইতালির লড়াইও নিষ্কলুষ ছিল না। বেলজিয়ামের টমাস ভার্মাইলেন ১৭ ও ইতালির এমিলিয়ানো ভিভিয়ানো ৮০ মিনিটে লাল কার্ড পাওয়ায় কোনো দলই ১১ জন নিয়ে ম্যাচ শেষ করতে পারেনি। ম্যাচটা অবশ্য অতিরিক্ত সময়ে গড়ায়নি। মুসা ডেম্বেলে দুটো ও কেভিন মিরালাস এক গোল করে বেলজিয়ানদের জয়ের ভিত গড়ে দিয়েছেন। ইতালির পক্ষে দুটো গোলই করেছেন জিউসেপ্পে রসি। দুটো গোলই অবশ্য পেনাল্টি থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এসএইচ/ ২২০১ঘ.