২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে নাদাল, দ্বৈতে আশা বাঁচিয়ে রাখলেন ফেদেরার ও উইলিয়ামসরা

আগের দিনই এককের লড়াই থেকে বিদায় নিয়েছেন তারা তিনজনই। তবে বেইজিং অলিম্পিক থেকে পদক জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছেন রজার ফেদেরার এবং উইলিয়ামস বোনেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2008, 05:55 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

বেইজিং, ১৫ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগের দিনই এককের লড়াই থেকে বিদায় নিয়েছেন তারা তিনজনই। তবে বেইজিং অলিম্পিক থেকে পদক জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছেন রজার ফেদেরার এবং উইলিয়ামস বোনেরা। শুক্রবার স্ট্যানিস্লাস ওয়াওরিংকার সঙ্গে জুটি বেঁধে দুটি ম্যাচ জিতে ফেদেরার উঠে গেছেন পুরুষ দ্বৈতের ফাইনালে। দুটি ম্যাচ জিতেছেন ভেনাস ও সেরেনা উইলিয়ামসও তবে তারা পৌঁছেছেন সেমিফাইনালে। অন্য দিকে আগের দিন ফেদেরারকে হারিয়ে দেওয়া জেমস ব্লেক এদিন সেমিফাইনালে দারুণ লড়াইয়ের পর হেরে গেছেন চিলির ফার্নান্দো গনজালেসের কাছে। অন্য সেমিফাইনালে নোভাক দিউকোভিচকে হারিয়ে সোনা জয়ের পথে আরো একধাপ এগিয়েছেন উইম্বলডন চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। সকালে কোয়ার্টার ফাইনালে ভারতের মহেশ ভুপতি ও লিয়ান্ডার পেজকে ৬-২, ৬-৪ গেমে হারানোর পর বিকেলে সেমিফাইনালে ফেদেরার ও ওয়াওরিংকা হারিয়েছেন যুক্তরাষ্ট্রের বব ও মাইক ব্রায়ান জুটিকে ৭-৬, ৬-৪ গেমে। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছেন সুইডেনের টমাস ইয়োহানসেন ও সাইমন অ্যাসপেলিন জুটিকে। আর সকালে জাপানের আইয়ুমি মরিতা ও আই সুগিয়ামা জুটিকে ৭-৫, ৬-২ গেমে হারানোর পর বিকেলে কোয়ার্টার ফাইনালে রাশিয়ার ভেরা জভোরানোভা ও এলেনা ভেসনিনা জুটির বিপক্ষে ৬-৪, ৬-০ গেমে জিতেছেন উইলিয়ামস বোনেরা। সেমিফাইনালে তারা খেলবেন ইউক্রেনের ক্যাটেরিনা ও অ্যালোনা বন্দারেঙ্কো বোনদের সঙ্গে। গনজালেসের কাছে ৪-৬, ৭-৫, ১১-৯ সেটে হেরে যাওয়ার পর প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে অখেলোয়াড়োচিত আচরণের অভিযোগ করেছেন ব্লেক। চূড়ান্ত সেটে জোর করেই আম্পায়ারের কাছ থেকে একটি পয়েন্ট আদায় করেছেন গনজালেস, এমন অভিযোগ তার। দিউকোভিচের সঙ্গেও বেশ লড়াই হয়েছে নাদালের। কিন্তু শেষ পর্যন্ত ৬-৪, ১-৬, ৬-৪ গেমে জিতেছেন এই স্প্যানিয়ার্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫২৮ঘ.