২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিমন্যাস্টিকসের অল-অ্যারাউন্ড শিরোপা ইয়াং ওয়েইয়ের

বেইজিং অলিম্পিকের জিমন্যাস্টিকসে স্বাগতিকদের অগ্রযাত্রা অব্যাহত। পুরুষ ও মহিলাদের দলগত শিরোপার পর ইয়াং ওয়েইয়ের সৌজন্যে পুরুষদের অল-অ্যারাউন্ডের সোনাও জিতে নিয়েছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2008, 06:52 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

বেইজিং, ১৪ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেইজিং অলিম্পিকের জিমন্যাস্টিকসে স্বাগতিকদের অগ্রযাত্রা অব্যাহত। পুরুষ ও মহিলাদের দলগত শিরোপার পর ইয়াং ওয়েইয়ের সৌজন্যে পুরুষদের অল-অ্যারাউন্ডের সোনাও জিতে নিয়েছে চীন। এই ইভেন্টে রূপা পেয়েছেন জাপানের কোহেই উচিমুরা। ব্রোঞ্জ ফ্রান্সের বেনোয়েত কারানোবের। দীর্ঘ আট বছর ধরে এই সাফল্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ইয়াং। ২০০০ সালে সিডনি অলিম্পিকে রূপা জিতলেও চার বছর পর এথেন্স থেকে খালি হাতে ফিরতে হয়েছিল তাকে। অবশেষে ঘরের মাটিতে প্রিয় স্বদেশবাসীর সামনে জিমন্যাস্টিকসের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইভেন্টের সোনা জিতে তিনি দারুণ উৎফুল্ল, "আজকে (বৃহস্পতিবার) সব কিছুই ছিল নিখুঁত। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে বেশ ক্লান্ত লাগছিল। কিন্তু প্রতিযোগিতাশেষে নিজেকে বেশ নির্ভার লাগছে। এক মাস আগেও ভেবেছিলাম এই পদকটা জিতলে আমি খুব আবেগাক্রান্ত হয়ে পড়বো। কিন্তু আমি তা হইনি। কারণ আমরা তো দলগত সোনা আগেই জিতে নিয়েছি।" এর আগে চীন থেকে অলিম্পিক জিমন্যাস্টিকসে পুরুষদের অল-অ্যারাউন্ডের সোনা জয়ের কৃতিত্ব দেখাতে পেরেছেন শুধু এক জনই --- '৯৬এর আটলান্টা অলিম্পিকে লি জিয়াওশুয়াং। ইয়াং দ্বিতীয় চীনা হিসাবে এমন অসাধারণ কৃতিত্ব দেখানোয় তার কোচ হুয়াং ইউবিন রীতিমতো উচ্ছ্বসিত, "অল-অ্যারাউন্ডে সোনা জয়ের জন্য দীর্ঘ আট বছর ধরে অপেক্ষা করছিলাম আমরা। এটা সত্যিই খুব কঠিন। আশা করি আরেকটা অলিম্পিকে সে অংশ নিতে পারবে।" সেটা অবশ্য বেশ কঠিন হতে পারে। ২০১২ সালে লন্ডনে অনুষ্ঠেয় অলিম্পিকের সময় ইয়াংয়ের বয়স হবে ৩২। এক জন জিমন্যাস্টের জন্য বয়সটা একটু বেশিই। তবে সেটা ভবিষ্যতের ব্যাপার। আপাতত স্বপ্ন পূরণের আনন্দে বিভোর ৯৪.৫৭৫ পয়েন্ট স্কোর করে বাকি সবাইকে পেছনে ফেলে দেয়া ইয়াং ওয়েই। যাকে মনে করা হচ্ছে এই প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান জিমন্যাস্ট! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৩১৫ঘ.