২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছরেই মাঠ সমস্যার সমাধান হয়ে যাবে মনে করেন বাফুফে সভাপতি

ফুটবল মাঠে গড়াতেই প্রকট হয়ে উঠেছে মাঠ সমস্যা। ফেডারেশন কাপে লম্বা বিরতি নিতে হয়েছে সে কারণেই। বাফুফে বুঝে গেছে ১০ মাস মাঠে খেলা রাখার পরিকল্পনা বাস্তবায়নে মাঠ সমস্যা এক বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে। সমস্যা সমাধানের জন্য বাফুফে এখন ঢাকা ও ঢাকার বাইরে মাঠ খুঁজছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2008, 03:52 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ফুটবল মাঠে গড়াতেই প্রকট হয়ে উঠেছে মাঠ সমস্যা। ফেডারেশন কাপে লম্বা বিরতি নিতে হয়েছে সে কারণেই। বাফুফে বুঝে গেছে ১০ মাস মাঠে খেলা রাখার পরিকল্পনা বাস্তবায়নে মাঠ সমস্যা এক বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে। সমস্যা সমাধানের জন্য বাফুফে এখন ঢাকা ও ঢাকার বাইরে মাঠ খুঁজছে। ঢাকায় চারটি এবং ঢাকার বাইরে পাঁচটি স্টেডিয়ামের ব্যবস্থা করার উদ্যোগ নিচ্ছেন বাফুফে সভাপতি নিজে। কাজী সালাউদ্দিন আশা করেন, "আমি চাই ভাল মাঠ যেখানে ভাল ফুটবল খেলা সম্ভব। যেনতেন ভাবে আমি ফুটবল খেলানোর পক্ষপাতী নই। মাঠের ব্যাপারটা এ মুহূর্তে আমার কাছে অগ্রাধিকার পাচ্ছে। আশা করছি এ বছরের মধ্যেই মাঠ সমস্যার একটা সমাধান হয়ে যাবে।" শুধু মাঠের বিষয়টা সমাধানের জন্য বাফুফে একজন বেতনভুক্ত লোক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ মহসীন, সাবেক এই স্ট্রাইকার মাঠের বিষয়টা দেখাশুনা করবেন। বাফুফে সভাপতি জানিয়েছেন, "আগামী মাস থেকে মহসীন কাজ শুরু করবেন। তিনি ঢাকার বাইরে স্টেডিয়ামের সুযোগ-সুবিধা ও মাঠের অবস্থা দেখে তিনি আমাকে একটা তালিকা দেবেন। সেখান থেকে বাফুফে ৫ টি স্টেডিয়াম বাছাই করবে।" তার পরিকল্পনা হচ্ছে, মাঠগুলোকে স্থায়ীভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের করে নেওয়া। মালিকানা তাদের না হলেও যেন ওসব ভেন্যুতে বাফুফে নিজেদের খেলা আয়োজন করতে পারে। বাফুফে সভাপতির বিশ্বাস, "ঢাকার বাইরে আবাহনী, মোহামেডান কিংবা অন্যান্য বড় দলের খেলা হলে অনেক দর্শক হবে এবং স্থানীয় ফুটবলে তার একটা ইতিবাচক প্রভাব পড়বে।" সিটিসেল ফেডারেশন কাপ শুরু হলেও দর্শকরা এখনো মাঠমুখো হয়নি। এজন্য আরো সময় লাগবে, কিন্তু ঢাকার বাইরে এখনো ফুটবলের ভাল আকর্ষণ আছে বলে মনে করেন কাজী সালাউদ্দিন। তাই ক্লাবগুলোকে তিনি আহ্বান জানিয়ে বলছেন, "ঢাকার বাইরে গেলে ক্লাবগুলোই লাভবান হবে। নিজেদের সমর্থকদের সামনে খেলার সুযোগ পাবে তারা এবং টিকিট বিক্রি থেকে অর্জিত টাকা দলগুলোই পাবে। প্রয়োজনে দলগুলোকে আনা-নেওয়ার জন্য বাফুফে তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস কিনবে।" ঢাকার বাইরে এরকম ৫ টি ভেন্যুর মধ্যে থাকতে পারে চট্টগ্রাম স্টেডিয়াম, রাজশাহী স্টেডিয়াম, খুলনা স্টেডিয়াম ও ফরিদপুর স্টেডিয়াম। কারণ এগুলোতে ক্রিকেট খেলা হয় না, স্থানীয় ফুটবল লিগ হয়। তবে ওসব ভেন্যুর সুযোগ-সুবিধা এখনো সন্দেহাতীত নয়। "মহসীনের কাজ হচ্ছে, ভেন্যুগুলো পরিদর্শন করবেন তারপর সুযোগ-সুবিধা, সেখানে থাকার ব্যবস্থা এবং ঢাকার সঙ্গে যাতায়াত ব্যবস্থার কথা উল্লেখ করে রিপোর্ট দেবেন। তার ওপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেবো এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলবো" --- বলেছেন বাফুফে সভাপতি। ঢাকায়ও বাফুফে চারটি মাঠের সন্ধান করছে ক্লাবগুলোর জন্য। কাজী সালাউদ্দিন মনে করেন, "কয়েকমাসের মধ্যে আমরা ঢাকায় চারটি মাঠ পেয়ে যাবো। জাতীয় ক্রীড়া পরিষদই ব্যবস্থা করে দিচ্ছে। মাঠ নিশ্চিত হয়ে গেলে বাফুফে ও ক্রীড়া পরিষদ যৌথভাবে এগুলোর তত্ত্বাবধান করবে। কিন্তু সেখানে প্র্যাকটিস করবে ক্লাব দলগুলো।" ঢাকার বেশিরভাগ ক্লাবেরই মাঠ নেই, তাই দল গড়লেও তাদের প্র্যাকটিস করার সুযোগ নেই। তাদের সুযোগ করে দেওয়ার জন্য উদ্যোগী হয়ে এগিয়ে এসেছে বাফুফে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২১৪৫ ঘ.