বেইজিং, ১১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্ক স্পিৎজের এক অলিম্পিকে সাতটি সোনা জয়ের রেকর্ড ভাঙ্গার পথে আরেক ধাপ এগোলেন মাইকেল ফেলপস। সোমবার পুরুষদের ৪*১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে নতুন বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছে ফেলপসের দল যুক্তরাষ্ট্র। সাঁতারের সবচেয়ে বড় তারকার বেইজিং অলিম্পিকে এটা দ্বিতীয় সোনা জয়।
সাঁতারে মার্কিনিদের এই শিরোপার পেছনে অবশ্য ফেলপসের চেয়ে জেসন লেজাকের কৃতিত্ব কম নয়। বরং বেশিই বলা যায়! শেষ ১০০ মিটার শুরু করার সময় ১০০ মিটার ফ্রিস্টাইলের বিশ্ব রেকর্ডের মালিক ফ্রান্সের অ্যালেইন বার্নার্ডের চেয়ে পিছিয়ে ছিলেন লেজাক। কিন্তু সাঁতারের ভেন্যু 'ওয়াটার কিউবে'র পুলে ঝড় তুলে যুক্তরাষ্ট্রকে নাটকীয় এক জয় এনে দিয়েছেন তিনি। ফেলপস, লেজাক, কালেন জোন্স ও গ্যারেট ওয়েবার-গ্যালেকে নিয়ে গড়া মার্কিন দলটির টাইমিং ছিল ৩ মিনিট ৮.২৪ সেকেন্ড, যা আগের রেকর্ডের (৩ মিনিট ১২.২৩ সেকেন্ড) চেয়ে প্রায় চার সেকেন্ড কম।
অবিস্মরণীয় এই লড়াইয়ে ১০০ মিটার ফ্রিস্টাইলের ব্যক্তিগত রেকর্ডও ভেঙ্গে গেছে। অস্ট্রেলিয়ার ইমন সুলিভান ৪৭.২৪ সেকেন্ডে সাঁতরে বার্নার্ডের পুরনো রেকর্ড থেকে ০.২৬ সেকেন্ড মুছে দিয়েছেন। অস্ট্রেলিয়াকে অবশ্য ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে এই ইভেন্টে। রূপা পেয়েছে ফ্রান্স। ফাইনালের পাঁচটি দলই নতুন রেকর্ড গড়েছে এই ইভেন্টে।
পুরুষদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকেও নতুন রেকর্ডের জন্ম হয়েছে সোমবার। যার জনক জাপানের কোসুকে কিতাজিমা। ৫৮.৯১ সেকেন্ড সময় নিয়ে দু বছর আগে যুক্তরাষ্ট্রের ব্রেন্ডন হ্যানসেনের রেকর্ড থেকে ০.২২ সেকেন্ড মুছে দিয়েছেন তিনি। এই ইভেন্টে নরওয়ের আলেকজান্ডার ডালে ওয়েন রূপা এবং ফ্রান্সের হিউজ দবস্ক ব্রোঞ্জ পেয়েছেন। এথেন্সে ১০০ ও ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সোনা জেতা কিতাজিমার সামনে এখন টানা দুই অলিম্পিকে 'ডাবল' জয়ের হাতছানি। মহিলাদের সাঁতারের দুটো ইভেন্টেরও নিষ্পত্তি হয়েছে সোমবার। ১০০ মিটার বাটারফ্লাইয়ে অস্ট্রেলিয়ার লিসবেথ ট্রিকার এবং ৪০০ মিটার ফ্রিস্টাইলে গ্রেট বৃটেনের রেবেকা অ্যাডলিংটন সোনা জিতেছেন।
এছাড়া পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে প্রথম হয়ে এবারের অলিম্পিকে ভারতকে প্রথম সোনা উপহার দিয়েছেন অভিনব বিন্দ্রা। অলিম্পিকের ১১২ বছরের ইতিহাসে এটাই ভারতের প্রথম ব্যক্তিগত সোনা জয়। আর পুরুষদের ১০ মিটার সিনক্রোনাইজড ডাইভিংয়ে সোনা জিতেছে স্বাগতিক চীনের ইউ লিন-লিয়াং হুও জুটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪৫৪ঘ.
bdnews24