ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অজান্তেই শুরু হয়ে গেছে বাংলাদেশের বেইজিং অলিম্পিক গেমস ! রোববার রুবেল রানাই শুরু করেছেন ১০০ মিটার ব্যাক স্ট্রোক দিয়ে, যেখানে ৪৫ জন সাঁতারুর মধ্যে হিটে তিনি ৪৫-তম হয়েছেন।
গত শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল তাতে আগামী সোমবার শ্যুটিং দিয়ে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশের অলিম্পিক গেমস। কিন্তু শুরু হয়ে গেছে রোববার। বিওএ জানতোই না এ দিন রুবেল রানা ১০০ মিটার ব্যাক স্ট্রোকের হিটে নামছেন। তাদের দেওয়া তথ্যানুযায়ী সেটা হওয়ার কথা ১৫ আগস্ট !
১০০ মিটার ব্যাক স্ট্রোক হিটে রুবেল সময় নিয়েছেন ১ মিনিট ০৪.৮২ সেকেন্ড। মানে হিটে অলিম্পিক রেকর্ড গড়া (৫৩.৪১সে.) আমেরিকান সাঁতারু ম্যাট গ্রেভার্সের চেয়ে ১১.৪১ সেকেন্ড বেশি সময় নিয়ে সাঁতার শেষ করে সবার পেছনে অবস্থান করছেন এই বাংলাদেশী সাঁতারু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২০৪০ঘ.
bdnews24